২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ইলিয়াস আলীকে গুম করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ পঞ্চম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন সেনাসদস্য ইমরুল কায়েস।

রোববার ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের ঘটনাসহ বিভিন্ন বিষয়ে তিনি বক্তব্য দেন।

ইমরুল কায়েস বলেন, ২০১২ সালের ১৩ এপ্রিল র‌্যাব সদর দপ্তর থেকে একটি অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে তিনি, জিয়া স্যার, মেজর নওশাদ ও স্কোয়াড্রন লিডার সাইফসহ মহাখালী ফ্লাইওভারের কাছে যান। তবে ওই সময় নির্ধারিত লক্ষ্য ব্যক্তি সেখানে না আসায় অভিযানটি সফল হয়নি বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, পরবর্তীতে ছুটিতে থাকার সময় গণমাধ্যমে তিনি ইলিয়াস আলী গুম হওয়ার খবর জানতে পারেন। ছুটি শেষে কর্মস্থলে ফিরে তিনি র‌্যাব হেডকোয়ার্টারে একটি অস্বাভাবিক ও থমথমে পরিবেশ দেখতে পান বলে জবানবন্দিতে উল্লেখ করেন।

জবানবন্দিতে তিনি আরও দাবি করেন, র‌্যাবের কিছু নথি ও সিসিটিভি ফুটেজ নষ্ট করা হয়েছে বলে অন্যান্য সদস্যদের কাছ থেকে জানতে পারেন তিনি।

আদালতে দেওয়া বক্তব্যে তিনি একটি ফোনালাপের প্রসঙ্গও উল্লেখ করেন, যেখানে একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথোপকথনের বিষয় উঠে আসে।

এ সময় মামলার একমাত্র আসামি মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।

Home R3