ইরানি হ্যাকারদের সাইবার হামলায় যুক্তরাজ্যের একটি বিদ্যুৎকেন্দ্র টানা চার দিন বন্ধ ছিল বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ। ধারণা করা হচ্ছে, যুক্তরাজ্যে কোনো বিদ্যুৎকেন্দ্র পুরোপুরি অচল করে দেওয়ার ক্ষেত্রে এটিই ইরানি হ্যাকারদের প্রথম সফল ঘটনা।
প্রতিবেদন অনুযায়ী, বিদ্যুৎকেন্দ্রটি তুলনামূলক ছোট ও গ্যাসচালিত হওয়ায় জাতীয় গ্রিড বা সামগ্রিক বিদ্যুৎ সরবরাহে কোনো বিঘ্ন ঘটেনি। তবে স্থাপনাটি পুনরায় চালু করতে কর্মীদের চার দিন ধরে কাজ করতে হয়। নিরাপত্তার কারণে কেন্দ্রটির নাম প্রকাশ করা হয়নি। ঘটনাটি তাৎক্ষণিকভাবে যুক্তরাজ্যের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টারকে (এনসিএসসি) জানানো হয় এবং সরকার অন্যান্য বিদ্যুৎ কোম্পানি ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সতর্কবার্তা পাঠায়।
এর আগে বিদেশি হ্যাকাররা এনএইচএস, জাগুয়ার ল্যান্ড রোভার ও ভোটার তালিকায় সাইবার হামলা চালালেও বিদ্যুৎকেন্দ্র অচল করার রেকর্ড ছিল না। টেলিগ্রাফ জানায়, একই সময়ে যুক্তরাষ্ট্রের ১২টি অঙ্গরাজ্যের পানি অবকাঠামোতেও ধারাবাহিক সাইবার হামলা চালানো হয়। গত ২৬ জুলাই মিনেসোটা দিয়ে শুরু হয়ে মিশিগান, জর্জিয়া ও নিউ জার্সিতে ছড়িয়ে পড়া এসব হামলার পেছনেও তেহরান জড়িত বলে ধারণা করছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।
মূলত মধ্যপ্রাচ্যের সংঘাতের পর, বিশেষ করে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার পর থেকে পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে ইরানের সাইবার হামলার প্রবণতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এর আগে জার্মানি, পোল্যান্ড, ফিনল্যান্ড, বেলজিয়াম ও আলবেনিয়াতেও একই ধরনের হামলার অভিযোগ পাওয়া গেছে।