পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি না দেওয়া হলে ২০ লাখ মানুষকে সঙ্গে নিয়ে ইসলামাবাদ অভিমুখে পদযাত্রার কড়া হুঁশিয়ারি দিয়েছেন খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি দেন বলে দেশটির প্রভাবশালী গণমাধ্যম ডন-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে।
সোহেল আফ্রিদি জানান, আদালতের অনুমতি তালিকায় তাঁর নাম থাকা সত্ত্বেও কারা কর্তৃপক্ষ তাঁকে ইমরান খানের সঙ্গে দেখা করতে দেয়নি। তিনি বলেন, “২৭ সেপ্টেম্বরের আগে আমি শেষবারের মতো আদিয়ালায় এসেছি। সরকার সাক্ষাতের নিশ্চয়তা দিলেই কেবল আমি আবার ফিরে আসব। অন্যথায় আগামী ২৭ সেপ্টেম্বর ২০ লাখেরও বেশি মানুষ নিয়ে ইসলামাবাদের দিকে পদযাত্রা করা হবে।” এই কর্মসূচি ক্ষমতাসীন কর্তৃপক্ষের জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে উঠবে বলেও মন্তব্য করেন তিনি।
সাক্ষাতের অনুমতি না মেলায় পিটিআইয়ের ‘ডি-চক’ কর্মসূচির অংশ হিসেবে তাৎক্ষণিকভাবে দেশজুড়ে সড়ক অবরোধের ডাক দেন আফ্রিদি। একই সঙ্গে আগামী রোববার বান্নু শহরে নতুন কর্মসূচি ঘোষণা করে দলীয় নেতা-কর্মীদের জাতীয় ও দলীয় পতাকা হাতে রাজপথে নামার আহ্বান জানান।
উল্লেখ্য, ইসলামাবাদ হাইকোর্ট পরিবারের সদস্য, আইনজীবী ও দলীয় নেতাদের সঙ্গে ইমরান খানের নিয়মিত বৈঠকের ব্যবস্থা করার নির্দেশ দিলেও কারা কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করছে না বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। আদালতের নির্দেশনা অমান্য করায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, দেশ ও শাসনব্যবস্থা কার্যত অকার্যকর হয়ে পড়েছে। সরকারি প্রতিষ্ঠানগুলো জনগণের করের টাকায় চললেও তারা দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
সূত্র: ডন