১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আরব আমিরাতে ড্রোন হামলায় প্রাণ গেলো প্রবাসী বাংলাদেশির

সংযুক্ত আরব আমিরাত-এ ইরানের ড্রোন হামলায় এক প্রবাসী বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। নিহতের নাম সালেহ আহমদ। তিনি আজমান প্রদেশে ডেলিভারি ম্যান হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায়।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইফতারের পর জরুরি খাদ্য ও পানীয় সরবরাহের কাজে বের হলে বিস্ফোরণের ঘটনায় তিনি গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ আকাশে আগুনের মতো উজ্জ্বল একটি বস্তু দেখা যায় এবং মুহূর্তেই বিকট শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে।

পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সালেহ আহমদ গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে আছেন। শরীরের বিভিন্ন অংশে মারাত্মক আঘাতের চিহ্ন ছিল। সিভিল ডিফেন্স ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠায়। আজ রবিবার সকালে অনানুষ্ঠানিকভাবে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে, ইরান থেকে উপসাগরীয় অঞ্চলে পাল্টা হামলার পর দেশটিতে অন্তত তিনজন নিহত হয়েছেন—তাদের মধ্যে একজন বাংলাদেশি, একজন পাকিস্তানি এবং একজন নেপালি নাগরিক। এসব হামলায় আহত হয়েছেন কমপক্ষে ৫৮ জন।

আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, ইরান থেকে ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে; এর মধ্যে ১৫২টি ধ্বংস করা হয়েছে এবং দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।

নিহত সালেহ আহমদ দীর্ঘদিন ধরে প্রবাসে কর্মরত ছিলেন। দেশে তাঁর মা, স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন তিনি।
তাঁর চাচাতো ভাই মাহবুব আলম চৌধুরী মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।