২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আফগানিস্তানের সঙ্গে সরকার পর্যায়ে আলোচনায় প্রস্তুত পাকিস্তান: আন্দ্রাবি

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সঙ্গে সরকার পর্যায়ে আলোচনায় বসতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে পাকিস্তান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ইসলামাবাদে সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হুসাইন আন্দ্রাবি এ কথা জানান।

তিনি বলেন, “আমরা রাষ্ট্রীয় পর্যায়ের সংলাপের জন্য উন্মুক্ত রয়েছি। তবে যেকোনো প্রক্রিয়ার স্থায়িত্ব বাস্তব ও কার্যকর পদক্ষেপের ওপর নির্ভর করবে। যেকোনো সংলাপ অনুষ্ঠিত হওয়ার জন্য তালেবানকে নিশ্চিত করতে হবে যে, আফগান ভূখণ্ড যেন পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার না হয়।”

তিনি বলেন, দুই দেশের মধ্যে যেকোনো দ্বিপক্ষীয় প্রক্রিয়ার সঙ্গে বাস্তবসম্মত ও যাচাইযোগ্য পদক্ষেপ থাকতে হবে।

এর আগে ইমারাতে ইসলামিয়া মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ বলেছিলেন, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা কোনো দেশেরই স্বার্থে নয়। ইমারাতে ইসলামিয়া কোনো দেশের সঙ্গেই উত্তেজনা চায় না, বিশেষ করে পাকিস্তানের সঙ্গে নয়। দুই দেশের সম্পর্ক স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে তারা কাজ করছে।

রাজনৈতিক বিশ্লেষক জান্নাত ফাহিম চাকরি বলেন, “ইমারাতে ইসলামিয়া সবসময়ই বলে এসেছে যে, তারা পাকিস্তানের সঙ্গে উত্তেজনার পক্ষে নয়। আমরা আশা করি, পাকিস্তানও বাস্তবে দেখাবে যে তারা আফগানিস্তানের সঙ্গে উত্তেজনার পক্ষে নয় এবং সংলাপে বিশ্বাস করে। দুই দেশের মধ্যে উত্তেজনা সত্যিই কোনো পক্ষেরই স্বার্থে নয়।”

প্রসঙ্গত, পাকিস্তানের দাবি, তাদের বিরোধীরা আফগান ভূখণ্ড ব্যবহার করছে। অন্যদিকে, ইমারাতে ইসলামিয়া যেটিকে পাকিস্তানের পক্ষ থেকে তাদের বিরোধীদের সমর্থন ও অস্ত্র দেওয়ার বিষয় হিসেবে বর্ণনা করছে, সেটিও দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা অব্যাহত থাকার পেছনে ভূমিকা রেখেছে। এই উত্তেজনা আর কতদিন চলবে, তা এখনো দেখার বিষয়।

সূত্র: তেলো নিউজ

Home R3