ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির সীমান্তরক্ষী বাহিনী ও প্রতিবেশী দেশগুলোর সীমান্ত নিরাপত্তা সংস্থার মধ্যে সমন্বয় আগের তুলনায় অনেক বেড়েছে। মন্ত্রণালয়ের দাবি, সাম্প্রতিক মাসগুলোতে আফগানিস্তানের সঙ্গে থাকা কোনো আনুষ্ঠানিক সীমান্তে বড় ধরনের নিরাপত্তা-সংক্রান্ত ঘটনা ঘটেনি। এমনকি গুলিবিনিময়ের ঘটনাও শোনা যায়নি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি বলেন, সম্প্রতি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভালো সমন্বয় প্রতিষ্ঠিত হয়েছে। এখন পর্যন্ত আমাদের ভূখণ্ডে কেউ ক্ষতিগ্রস্ত হওয়ার বা কোনো নিরাপত্তা উদ্বেগ দেখা দেওয়ার ঘটনা ঘটেনি। গত কয়েক বছরে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং আমরা আন্তঃসীমান্ত বিষয়গুলোতেও বিশেষ গুরুত্ব দিচ্ছি।
বৃহস্পতিবার (২৮ মে) আফগান গণমাধ্যম টোলো নিউজে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
মন্ত্রণালয় জানায়, বিশেষ করে তাজিকিস্তানের সঙ্গে সীমান্ত সহযোগিতা আরও জোরদার করা হয়েছে। যদিও অতীতে ওই সীমান্ত এলাকায় নিরাপত্তা বিঘ্নিত করার কিছু চেষ্টা হয়েছিল, বর্তমানে সেখানে পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে দাবি করা হয়েছে।
আব্দুল মতিন কানি আরও বলেন, উভয় পক্ষই একে অপরের নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। কোনো শত্রুভাবাপন্ন গোষ্ঠী বা দেশকে এই সীমান্ত অপব্যবহার করতে দেওয়া হবে না।
এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক গোল মোহাম্মদউদ্দিন মোহাম্মদী বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে পারস্পরিক সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার ভাষায়, বিভিন্ন নিরাপত্তা বাহিনীর মধ্যে কার্যকর সমন্বয় ছাড়া অভিন্ন সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন।
তাজিকিস্তান সীমান্ত ও অন্যান্য সীমান্ত এলাকার নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই আশ্বাস এমন সময়ে এলো, যখন যৌথ নিরাপত্তা চুক্তি সংস্থা (সিএসটিও) এর আগে তাজিকিস্তান সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। সংস্থাটি সীমান্তকে আরও উন্নত সামরিক সরঞ্জাম দিয়ে সজ্জিত করার ওপরও গুরুত্বারোপ করেছিল।