সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা যায় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি দায়িত্ব পালনের ক্ষেত্রে বিশেষ আইনি সুরক্ষা (ইমিউনিটি) ভোগ করেন।
রোববার (২৬ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ফৌজদারি অপরাধ বা অন্য কোনো বিষয়ে আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না। সংবিধান অনুযায়ী তিনি প্রিভিলেজড।” তিনি আরও জানান, সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দায়িত্ব পালনকালে সংবিধান ও বিধিবিধান মেনেই কাজ করেছেন এবং সরকার তার সহযোগিতা পেয়েছে।
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কেউ অভিযোগ তুলতে বা মতামত দিতে পারেন, সেটি তাদের স্বাধীনতা। তবে এসব বক্তব্য আমলে নেওয়ার মতো নয় বলে মনে করেন তিনি।
পদত্যাগ প্রসঙ্গে মন্ত্রী জানান, শারীরিক অসুস্থতার কারণে সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান এবং সংবিধান অনুযায়ী স্পিকার তার পদত্যাগপত্র গ্রহণ করেন। তিনি বলেন, “রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারেন—এটি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার মধ্যেই হয়েছে।”
গণ-অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতির প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিকভাবে মত প্রকাশ ও প্রতিবাদের স্বাধীনতা থাকা উচিত। তবে তা আইনি কাঠামোর মধ্যেই হওয়া প্রয়োজন।
এদিকে লন্ডনে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাবেক রাষ্ট্রপতির কথোপকথনের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই। “আজকের প্রযুক্তির যুগে কথা বলার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন হয় না,”—যোগ করেন তিনি।
রাষ্ট্রপতি হওয়ার আগে তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা আইন অনুযায়ী নিষ্পত্তি হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।