ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন শুরু হয়েছে। রোববার (৭ জুন) বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
অধিবেশনের প্রথম দিনেই মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ এবং সাবেক মন্ত্রী মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে জাতীয় সংসদ।
শোকপ্রস্তাব উত্থাপন করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পরে তা সর্বসম্মতভাবে গৃহীত হয়। মৃতদের স্মরণে সংসদে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং মোনাজাত পরিচালনা করেন এবিএম আশরাফ উদ্দিন নিজান।
অধিবেশনে আওয়ামী লীগের নেতা ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম রহমত উল্লাহ, দবিরুল ইসলাম, এবিএম আনোয়ারুল হক, মোসলেম উদ্দিন, আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী শফিক আহমেদ এবং দশম সংসদের স্বতন্ত্র সংসদ সদস্য আবদুল মতিনের মৃত্যুতে শোক জানানো হয়।
এ ছাড়া বিএনপি সরকারের সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, অধ্যাপক এম এ মান্নান, সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন, জিএম ফজলুল হক, জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ মো. কায়সার, আবু নূর মোহাম্মদ বাহাউল হক, গোলাম সারোয়ার মিলন এবং সিপিবির সংসদ সদস্য মো. সামসুদ্দোহার মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।
সংসদের প্রচলিত রীতি অনুযায়ী প্রয়াত মন্ত্রী, সংসদ সদস্য ও দেশি-বিদেশি বিশিষ্টজনদের স্মরণে অধিবেশনের প্রথম দিন শোক প্রকাশ করা হয়।
এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের স্ত্রী অধ্যাপক দিলারা হাফিজের মৃত্যুতেও সংসদ শোক প্রকাশ করে।
এ ছাড়া জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদ, কবি হেলাল হাফিজ, ছায়ানটের সভাপতি সন্জীদা খাতুন, প্রখ্যাত সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী, লেখক বদরুদ্দীন উমর, নজরুল সংগীতশিল্পী ডালিয়া নওশীন, বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা আব্দুল কুদ্দুস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতাউর রহমান, সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছা, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু, সংঘরাজ ড. জ্ঞানীশ্রী মহাস্থবির এবং সাংবাদিক গাজী রুহুল আমিনের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।
এছাড়া মর্মান্তিক কিছু হত্যাকাণ্ডেও শোক জানিয়েছে জাতীয় সংসদ। ধর্ষণ পরবর্তী হত্যার শিকার মিরপুরের শিশু রামিসা, ফাহিমা মিম, নরসিংদীর আমিনা এবং তাবাসসুম আক্তারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।
অধিবেশন শুরুর এই দিনে সার্বিকভাবে প্রয়াত ব্যক্তিদের স্মরণে গভীর শ্রদ্ধা ও শোকের আবহ বিরাজ করে।