দিল্লির যন্তর মন্তরে প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার আগে ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে ভারতের গুরুগ্রাম পুলিশ। পুলিশের নির্দেশ অমান্য করার পর তাঁকে আটক করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তাদের বরাতে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
প্রতিবেদন অনুযায়ী, দিল্লির বিক্ষোভে যোগ দেওয়ার আগে গুরুগ্রামের সেক্টর ৫৬-এর কেন্দ্রীয় বিহার আবাসন সমিতিতে ধ্রুব রাঠির বাসভবনে পৌঁছায় পুলিশের একাধিক দল। তাঁকে দিল্লিতে গিয়ে বিক্ষোভে অংশ না নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল বলে জানিয়েছেন পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। নির্দেশ অমান্য করে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার চেষ্টা করলে তাঁকে আটক করা হবে বলেও সতর্ক করা হয়েছিল।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার, ১০ অক্টোবর, দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে অসন্তোষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বিক্ষোভ ঘিরে দিল্লিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে কর্তৃপক্ষ। বিভিন্ন এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েনের পাশাপাশি মেট্রো ও রেল চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। দিল্লি মেট্রোর ৪৫টি স্টেশনের প্রবেশ ও বের হওয়ার গেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দিষ্ট এলাকায় সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট পরিষেবাও স্থগিত করা হয়েছে।
এ ছাড়া শনিবার সকাল ৪টা থেকে দুপুর ২টার মধ্যে নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশনে পৌঁছানোর কথা ছিল, এমন ২৫০টির বেশি ট্রেন বাতিল করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানিয়েছেন, বিধিনিষেধ সত্ত্বেও দলের স্বেচ্ছাসেবক ও সমর্থকেরা বিক্ষোভ কর্মসূচি এগিয়ে নিয়ে যাবেন। পরিবহণ পরিষেবায় বিধিনিষেধ আরোপের ফলে সাধারণ মানুষের ভোগান্তি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস, এনডিটিভি