ইরানের ২৭টি এয়ারলাইনসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসনেট জানিয়েছেন, মঙ্গলবার থেকে এসব নিষেধাজ্ঞা কার্যকর হবে।
বেসনেট জানান, নিষেধাজ্ঞার আওতায় থাকা ইরানি এয়ারলাইনসগুলোর জন্য বৈশ্বিক আকাশসীমা ব্যবহারের সুযোগ বন্ধ করে দেওয়া হবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় দুই সপ্তাহ আগে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট ২৭টি ইরানি এয়ারলাইনসকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করে।
ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে চীনের সঙ্গেও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বেসনেট। আগামী দুই দিনের মধ্যে চীনের প্রেসিডেন্ট সি জিনপিং যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। এ সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইরান ইস্যুতে নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছে বিবিসি।
এর আগে সেপ্টেম্বরের শুরুতে ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার একটি পরিকল্পনা ঘোষণা করে যুক্তরাষ্ট্র। ওই পরিকল্পনার আওতায় দেশটির ব্যাংকিং ও বাণিজ্য, প্রযুক্তি, বিমান চলাচল এবং শিপিং খাতকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
সূত্র: বিবিসি