যুক্তরাষ্ট্রের বোস্টনগামী ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমান জরুরি অবতরণ করার পর ধোঁয়া শ্বাসের সঙ্গে গ্রহণ করায় ১৪ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। সোমবার বিকেলের দিকে পর্তুগালের পোর্তো শহরে বিমানটি জরুরি অবতরণ করে। ১৪ জনের মধ্যে চারজনকে কাছের হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।
বিমানের অন্য ২৮২ যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। তাদের জন্য বিকল্প একটি ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে, যা আগামীকাল বিকেলে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) পর্তুগিজ সংবাদমাধ্যম সিক নোতিতিসিয়াসে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি বিকেল ৩টায় বার্সেলোনা থেকে বোস্টনের উদ্দেশে যাত্রা করে। আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে যাওয়ার সময় বিমানের ভেতরে ধোঁয়া দেখা যায়।
পরে এয়ারবাস এ৩৩০ বিমানটি ফিরে এসে পোর্তোর সা কারনেইরো বিমানবন্দরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেয়। বিমানটির নিরাপদ অবতরণের জন্য বিমানবন্দরে দ্বিতীয় স্তরের জরুরি সতর্কতা জারি করা হয়। এ সময় জরুরি সেবাদানকারী দলগুলো প্রস্তুত অবস্থায় ছিল।
জরুরি অবতরণের সময় কয়েক মিনিটের জন্য বিমান চলাচল বন্ধ রাখা হয়। পরে তা আবার স্বাভাবিক হয়ে যায়।
পোর্তো জেলা ত্রাণ ও জরুরি কার্যক্রম পরিচালনা কমান্ডের তথ্য অনুযায়ী, ঘটনাস্থলে প্রায় ৬০ জন উদ্ধারকর্মী ও সংশ্লিষ্ট কর্মী উপস্থিত ছিলেন। আরও কয়েকটি দলকে প্রস্তুত রাখা হয়েছিল। পরে তাদের আর প্রয়োজন না হওয়ায় দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি ‘কারিগরি সমস্যার’ কারণে বিমানে ধোঁয়া সৃষ্টি হয়েছিল। এখন সমস্যাটির সঠিক কারণ শনাক্ত করে তা সমাধানের কাজ চলছে।
এয়ারলিভ ডট নেটের তথ্য অনুযায়ী, ডেল্টা এয়ারলাইন্সের ডিএল২৫১ ফ্লাইটটি ১১ বছর পুরোনো একটি এয়ারবাস দিয়ে পরিচালিত হচ্ছিল।
এই ঘটনার কারণে ডেল্টা এয়ারলাইন্সের পরবর্তী কয়েকটি ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন এসেছে। বিমান ও ক্রু নির্ধারিত অবস্থানে না থাকায় ডেল্টা ডিএল২৭৬ ও ডিএল২৭৭ ফ্লাইট বাতিল করেছে বলে জানিয়েছে ওয়েবসাইটটি।