৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পানামা

মধ্য আমেরিকার দেশ পানামায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বিভিন্ন এলাকায় ভবন ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের পর নিরাপত্তার স্বার্থে দেশটির মেট্রোরেল চলাচল বন্ধ, শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস বাতিল এবং প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার ৯ অক্টোবর পানামার দক্ষিণাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল দক্ষিণ মধ্যাঞ্চলের ছোট শহর পিতালোজা আররিবা থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে।

ভূমিকম্পে বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। উপকেন্দ্র থেকে প্রায় ৭০ মাইল দূরের পেনোনোমে শহরে একটি গির্জার চূড়ার অংশ ধসে পড়ে। এ ছাড়া আরেকটি ভবনের সামনের দেয়ালও ভেঙে পড়ে।

পর্যটন শহর প্লায়া ভেনাওতে একটি বহুতল ভবন ধসে বেশ কয়েকটি গাড়ি চাপা পড়ে। অন্যদিকে, পানামা খালের ওপর অবস্থিত সেন্টেনিয়াল সেতুর কাঠামো ভূমিকম্পের সময় কাঁপতে দেখা যায়।

ভূমিকম্পের পর নিরাপত্তার স্বার্থে পানামা সিটির দুটি মেট্রো লাইনের চলাচল বন্ধ রাখা হয়। কয়েকটি স্টেশন থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। এ ছাড়া দিনের বাকি সময়ের জন্য দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস বাতিল করে শিক্ষা মন্ত্রণালয়। সাময়িকভাবে বন্ধ রাখা হয় দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরও।

ইউএসজিএস জানিয়েছে, মূল ভূমিকম্পের পর ৪০টিরও বেশি পরাঘাত অনুভূত হয়েছে। এর মধ্যে একটির প্রাথমিক মাত্রা ছিল ৬ দশমিক ৬।

ভূমিকম্পের পর কয়েকটি উপকূলীয় এলাকায় সম্ভাব্য সুনামির ঢেউ নিয়ে সতর্কতা জারি করা হয়েছিল। তবে পরে সেই সতর্কতা প্রত্যাহার করা হয়।

Home R3