বৈদ্যুতিক গাড়ির (ইভি) সংখ্যা বাড়ায় পেট্রল ও ডিজেল থেকে রাজস্ব কমে যাওয়ার আশঙ্কায় বিকল্প আয়ের উৎস খুঁজছে পর্তুগাল। এর অংশ হিসেবে ইভি মালিকদের গাড়ি চালানোর দূরত্বের ওপর ভিত্তি করে নির্দিষ্ট ফি আরোপের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
প্রস্তাব অনুযায়ী, গাড়ির পর্যায়ক্রমিক পরিদর্শনের সময় রেকর্ড করা মাইলেজের ভিত্তিতে ফি নির্ধারণ করা হতে পারে। তবে এটি এখনো প্রাথমিক আলোচনায় রয়েছে এবং কোনো ফি অনুমোদন করা হয়নি।
পরিবহন ও গতিশীলতা ইনস্টিটিউটের (আইএমটি) সভাপতি জোয়াও জেসুস কায়েতানো এ প্রস্তাব দিয়েছেন। গত ২৯ সেপ্টেম্বর সড়ক অর্থায়ন নিয়ে গতিশীলতা ও পরিবহন কর্তৃপক্ষের (এএমটি) এক গবেষণায় বিষয়টি আলোচনায় আসে।
গবেষণা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে দেশে বৈদ্যুতিক গাড়ির হার ২০ থেকে ৩০ শতাংশে পৌঁছালে পেট্রল ও ডিজেল থেকে বছরে ১৪ কোটি থেকে ২০ কোটি ইউরো পর্যন্ত রাজস্ব কমতে পারে। তবে মাইলেজভিত্তিক ফি চালুর ক্ষেত্রে নতুন গাড়ির নিয়মিত পরিদর্শনের সময়সূচি এবং মোটরসাইকেলের পরিদর্শন না থাকার মতো কিছু জটিলতা রয়েছে।