বিশ্ববাজারে অস্থিরতার মধ্যেই জ্বালানি তেলের দাম কমালো পাকিস্তান

বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতার মধ্যেই পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে পাকিস্তান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকে প্রতি লিটার পেট্রোলের দাম ১ দশমিক ৭০ পাকিস্তানি রুপি এবং হাইস্পিড ডিজেলের দাম ৩ দশমিক ১২ রুপি কমানো হয়েছে।

সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন দামে পাকিস্তানে হাইস্পিড ডিজেল প্রতি লিটার ৪১৮ দশমিক ৯৬ রুপিতে বিক্রি হবে। আগে এর দাম ছিল ৪২২ দশমিক ০৮ রুপি। অন্যদিকে পেট্রোলের দাম কমে দাঁড়িয়েছে ৩৯২ দশমিক ০৫ রুপি। আগে প্রতি লিটার পেট্রোলের দাম ছিল ৩৯৩ দশমিক ৭৫ রুপি।

পাকিস্তানের পেট্রোলিয়াম বিভাগ জানিয়েছে, সরকারের পেট্রোলিয়াম মূল্য নির্ধারণ ব্যবস্থার আওতায় তেল ও গ্যাস নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (ওগ্রা) জ্বালানির নতুন দাম নির্ধারণ করেছে। পেট্রোলিয়াম বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশোধিত দাম ২৩ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে।

জ্বালানির দাম নির্ধারণে স্বচ্ছতা বাড়াতে এবং আন্তর্জাতিক বাজারে তেলের দামের পরিবর্তনের প্রভাব দ্রুত ভোক্তাদের জানাতে ওগ্রা তাদের ওয়েবসাইটে প্রতিদিন পেট্রোলিয়াম পণ্যের দাম প্রকাশ শুরু করেছে।

পাকিস্তানের পেট্রোলিয়ামমন্ত্রী আলী পারভেজ মালিক বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দামের সাত দিনের গড়ের ভিত্তিতে প্রতিদিন জ্বালানির দাম নির্ধারণ করা হচ্ছে। এটি আন্তর্জাতিক রীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেও জানান তিনি।

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে। এর মধ্যে পাকিস্তান সরকার প্রতিদিন জ্বালানির দাম পর্যালোচনার সিদ্ধান্ত নেয়।

এর আগে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর পাকিস্তান সরকার সাপ্তাহিক ভিত্তিতে জ্বালানির দাম পর্যালোচনার ব্যবস্থা চালু করেছিল। ওই সময় ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর পর তেহরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় একপঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবহন করা হতো।

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে জুনে যুদ্ধবিরতি হলেও পরে তা ভেঙে যায় এবং উত্তেজনা আরও বেড়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এতে পূর্ণমাত্রার সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে এবং হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহও ব্যাহত হচ্ছে।

প্রসঙ্গত, এর আগে পাকিস্তানে প্রতি দুই সপ্তাহ পরপর জ্বালানির দাম সংশোধন করা হতো।

Home R3