মার্কিন নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করেই চীনে অবতরণ করল ইরানি বিমান

যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার হুঁশিয়ারির মধ্যেই চীনে অবতরণ করেছে ইরানের মাহান এয়ারের একটি যাত্রীবাহী বিমান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ফ্লাইটরাডার২৪-এর তথ্যের ভিত্তিতে এএফপি এ খবর জানিয়েছে।

তেহরান থেকে উড্ডয়ন করা বিমানটি চীনের গুয়াংজুতে অবতরণ করে। তবে গুয়াংজু বাইয়ুন আন্তর্জাতিক বিমানবন্দরের অফিসিয়াল ওয়েবসাইটে ওই ফ্লাইটের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

এমন সময়ে বিমানটি চীনে অবতরণের খবর এলো, যখন ইরানের বিমান পরিবহন খাতের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট চলতি সপ্তাহে সতর্ক করে বলেছেন, যেসব দেশ ইরানি বিমানকে অবতরণের সুবিধা দেবে, তাদের ডলার ব্যবস্থা থেকে বের করে দেওয়া হবে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

অন্যদিকে ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার থেকে তেহরান-বাগদাদ, তেহরান-মাসকাট ও তেহরান-আঙ্কারা রুটের ফ্লাইট বাতিল করা হচ্ছে।

মাহান এয়ার এর আগেও মার্কিন নিষেধাজ্ঞার আওতায় পড়েছে। নতুন করে মার্কিন হুঁশিয়ারির মধ্যে চীনে ইরানি বিমান অবতরণের ঘটনায় দুই দেশের বিমান চলাচল এবং মার্কিন নিষেধাজ্ঞা বাস্তবায়ন নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

Home R3