‘পতনের দ্বারপ্রান্তে মোদি’, সোমবার দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের

ভারতে সংবিধান ও জনগণের ভোটাধিকার রক্ষার দাবিতে আগামী সোমবার রাজধানী দিল্লিতে বড় ধরনের বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিরোধী জোট ইন্ডিয়া। শনিবার ১০ অক্টোবর কেরালার আলপ্পুঝায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল।

তিনি বলেন, সংবিধান ও জনগণের ভোটাধিকার সুরক্ষার চলমান লড়াইয়ের অংশ হিসেবে এ বিক্ষোভের আয়োজন করা হচ্ছে। এ বিষয়ে নিজেদের উদ্বেগ জানাতে ইতোমধ্যে জোটের শীর্ষ নেতারা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন। আগামী সোমবার ভারতের প্রধান বিচারপতির সঙ্গেও তাদের সাক্ষাতের কথা রয়েছে।

সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সুরক্ষা দেওয়ার চেষ্টা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তীব্র সমালোচনা করেন বেণুগোপাল। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশনারকে আড়াল করার এই প্রচেষ্টা মোদি ও শাহের রাজনৈতিক পতনের কারণ হতে পারে।

বেণুগোপাল আরও দাবি করেন, প্রধানমন্ত্রীর আচরণ দেখে মনে হচ্ছে তিনি পতনের দ্বারপ্রান্তে রয়েছেন এবং বিরোধীদের আন্দোলন নিয়ে উদ্বিগ্ন। তাঁর অভিযোগ, ককরোচ জনতা পার্টির ঘোষিত শনিবারের বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে মেট্রোর কয়েকটি স্টেশন এবং দিল্লির সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের রেল যোগাযোগ। পাশাপাশি বিপুলসংখ্যক সশস্ত্র পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনব্যবস্থা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত কংগ্রেস ও ইন্ডিয়া জোটের আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান এই নেতা।

কেরালায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়েও দলের সতর্ক নজরদারির কথা উল্লেখ করেন বেণুগোপাল। এ ছাড়া নির্বাচন কমিশনের প্যাডে বিজেপির প্রতীক পদ্ম ফুটে ওঠার মতো সাম্প্রতিক বিতর্কের বিষয়েও দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

Home R3