আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) পর্তুগালের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়েছে। সংস্থাটির নতুন পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে দেশটির অর্থনীতি ২.১ শতাংশ এবং ২০২৭ সালে ১.৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে পারে। তবে মূল্যস্ফীতি নিয়ে পর্তুগাল সরকারের তুলনায় বেশি উদ্বেগের কথা জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রকাশিত আইএমএফের সর্বশেষ বিশ্ব অর্থনৈতিক পূর্বাভাস প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এর আগে গত জুনে সংস্থাটি ২০২৬ সালে পর্তুগালের প্রবৃদ্ধি ১.৭ শতাংশ এবং ২০২৭ সালে ১.৬ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল।
নতুন পূর্বাভাসে প্রবৃদ্ধির সম্ভাবনা বাড়ানো হলেও পর্তুগাল সরকারের তুলনায় এখনো কিছুটা সতর্ক অবস্থানে রয়েছে আইএমএফ। সম্প্রতি উপস্থাপিত ২০২৭ সালের রাষ্ট্রীয় বাজেট প্রস্তাবে সরকার চলতি বছর ২.৩ শতাংশ এবং আগামী বছর ২.১ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। সরকারের আশা, ইউরোজোনের গড় প্রবৃদ্ধির চেয়ে এগিয়ে থাকবে পর্তুগালের অর্থনীতি।
মূল্যস্ফীতির পূর্বাভাসের ক্ষেত্রে আইএমএফ ও সরকারের মধ্যে পার্থক্য আরও স্পষ্ট। আইএমএফের ধারণা, ২০২৬ সালে পর্তুগালে মূল্যস্ফীতি ৩.২ শতাংশে পৌঁছাতে পারে। ২০২৭ সালে তা সামান্য কমে ৩ শতাংশে দাঁড়াতে পারে।
অন্যদিকে, সরকার তুলনামূলক কম মূল্যস্ফীতির পূর্বাভাস দিয়েছে। সামঞ্জস্যপূর্ণ ভোক্তা মূল্যসূচক (এইচআইসিপি) অনুযায়ী, ২০২৬ সালে গড় মূল্যস্ফীতি ২.৯ শতাংশ এবং ২০২৭ সালে ২.৩ শতাংশ হতে পারে বলে মনে করছে সরকার।
এদিকে, আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, পর্তুগালে বেকারত্বের হার আগামী দুই বছর প্রায় স্থিতিশীল থাকবে। ২০২৬ ও ২০২৭ সাল, উভয় বছরেই দেশটির বেকারত্বের হার ৫.৯ শতাংশের কাছাকাছি থাকতে পারে।
সূত্র : দ্য রেসিডেন্ট