১৯৩১ সালের পর পর্তুগালে সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল সেপ্টেম্বরে

১৯৩১ সালের পর সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল গত মাসে; অর্থাৎ সেপ্টেম্বরে। দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা আইপিএমএ জানিয়েছে, ওই মাসে সর্বোচ্চ গড় তাপমাত্রা ছিল ৩১ দশমিক ০৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪ দশমিক ২১ ডিগ্রি বেশি।

আইপিএমএর সেপ্টেম্বরের জলবায়ু প্রতিবেদনে বলা হয়েছে, মাসজুড়ে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি ছিল। বিশেষ করে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল অনেক বেশি। একই সময়ে মূল ভূখণ্ডের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাতও স্বাভাবিকের চেয়ে কম হয়েছে।

সেপ্টেম্বরে গড় তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৪১ ডিগ্রি সেলসিয়াস। ১৯৯১ থেকে ২০২০ সালের গড় তাপমাত্রার তুলনায় এটি ২ দশমিক ৯১ ডিগ্রি বেশি।

রাতের সর্বনিম্ন তাপমাত্রার গড় ছিল ১৫ দশমিক ৭৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ দশমিক ৬০ ডিগ্রি বেশি। রেকর্ড শুরুর পর এটি ছিল চতুর্থ সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা।

সেপ্টেম্বরে পর্তুগালের মূল ভূখণ্ডে দুটি তাপপ্রবাহ বয়ে যায়। প্রথমটি ২ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের অভ্যন্তরীণ এলাকায় ছিল। দ্বিতীয় ও আরও তীব্র তাপপ্রবাহটি ১৮ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত স্থায়ী হয়। এটি ছয় থেকে ১০ দিন স্থায়ী ছিল এবং আইপিএমএর ৭২ শতাংশ আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে এর প্রভাব রেকর্ড করা হয়। দেশের বড় একটি অংশ এই তাপপ্রবাহের আওতায় ছিল।

অন্যদিকে, বৃষ্টিপাতের দিক থেকে গত সেপ্টেম্বর ছিল ২০০০ সালের পর পঞ্চম শুষ্কতম সেপ্টেম্বর। পুরো মাসে মোট বৃষ্টিপাত হয়েছে ১২ দশমিক ৭ মিলিমিটার, যা সেপ্টেম্বর মাসের স্বাভাবিক বৃষ্টিপাতের মাত্র প্রায় ৩০ শতাংশ।

সূত্র : দ্য রেসিডেন্ট

Home R3