ভারতের রাজধানী নয়াদিল্লির উত্তর-পূর্বাঞ্চলীয় সীমাপুরী এলাকায় একটি পাঁচতলা ভবন ধসে পড়েছে। এতে বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ভবন ধসের খবর পেয়ে দিল্লি ফায়ার সার্ভিসের একাধিক গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে সেখানে উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে।
ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, ধসে পড়া ভবনের আশপাশে বহু মানুষ জড়ো হয়েছেন। স্থানীয়দের কেউ কেউ খালি হাতে পাথর ও কংক্রিটের স্ল্যাব সরিয়ে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করছেন।
ঘটনার পর দিল্লি ট্রাফিক পুলিশ স্থানীয়দের ওই এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে। উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্সের দ্রুত চলাচল নিশ্চিত করতে ঘটনাস্থলের আশপাশের সড়ক ফাঁকা রাখার আহ্বান জানানো হয়েছে।
দিল্লি ট্রাফিক পুলিশ জানিয়েছে, সীমাপুরী গোলচত্বর, ডিএলএফ ভোপুড়া ও আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। উদ্ধারকারী যান ও অ্যাম্বুলেন্সের চলাচল নির্বিঘ্ন রাখতে ঘটনাস্থলের কাছে গাড়ি থামানো, পার্কিং ও ভিড় না করার অনুরোধ করা হয়েছে।
এর মাত্র এক মাস আগে দিল্লির সত্য নিকেতনে একটি ছাত্রাবাসে দুর্ঘটনায় সাতজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। এর এক মাসের মধ্যে ফের বহুতল ভবন ধসের ঘটনায় দিল্লিতে উদ্বেগ তৈরি হয়েছে।