সৌদি আরবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে ব্রিটেন

ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বাহিনীর হামলা মোকাবিলায় সৌদি আরবে ব্রিটেন একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও আকাশে জ্বালানি সরবরাহকারী সামরিক বিমান পাঠিয়েছে।

সোমবার (১২ অক্টোবর) ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম এ তথ্য নিশ্চিত করেছেন।

শাফাক নিউজের প্রতিবেদন অনুযায়ী, পার্লামেন্টে বক্তব্য দেওয়ার সময় বার্নহাম বলেন, সৌদি আরবে মোতায়েন করা ‘ভয়েজার’ নামের সামরিক বিমানটি ইতিমধ্যে ১৪টি অভিযান সম্পন্ন করেছে। বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে ব্রিটেনের এই সহায়তা প্রয়োজন বলেও জানান তিনি।

রোববার (১১ অক্টোবর) হুথি বাহিনী দাবি করে, আগের ২৪ ঘণ্টায় ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে সৌদি আরবের দুটি বিমানবন্দর ও রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর দুটি স্থাপনায় চারটি অভিযান চালিয়েছে।

হুথিদের দাবি, সানা, তাইজ, মারিব, আল-জাওফ, হাজ্জা, আল-হুদায়দা ও সা’দা অঞ্চলে সৌদি আরবের ১২৪টি বিমান হামলার জবাবে এসব অভিযান চালানো হয়েছে। তাদের আরও দাবি, সাম্প্রতিক উত্তেজনা শুরুর পর থেকে সৌদি বাহিনী মোট ২ হাজার ৫৮টি বিমান হামলা চালিয়েছে।

তবে হুথিদের দেওয়া এসব বিমান হামলার হিসাব এবং তাদের পরিচালিত অভিযানগুলোর ক্ষয়ক্ষতির তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র: শাফাক নিউজ, ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়

Home R3