‘বিদেশি শক্তির’ ইন্ধনে দেশকে অস্থিতিশীল করছে তেলাপোকারা: অভিযোগ বিজেপির

ভারতের বিরোধী দলগুলোর বিরুদ্ধে বিদেশি শক্তির ইন্ধনে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নবীন। দিল্লির যন্তর মন্তরে বিরোধীদের বিক্ষোভের মধ্যে তিনি এ অভিযোগ করেন।

শনিবার ১০ অক্টোবর দেওয়া এক বক্তব্যে নিতিন নবীন বলেন, ভারতের প্রায় ১৪০ কোটি মানুষ শান্তি ও সম্প্রীতির সঙ্গে বসবাস করছেন এবং দেশের উন্নয়নে অবদান রাখছেন। তবে এই পরিস্থিতিতে দেশকে অস্থিতিশীল করার জন্য একটি বিপজ্জনক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।

বিজেপির এই নেতা বলেন, দেশে কারা অস্থিরতা তৈরির চেষ্টা করছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁর দাবি, বিরোধী রাজনৈতিক শক্তিগুলো নিজেদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য এসব কর্মকাণ্ড চালাচ্ছে।

বিরোধীদের দুটি গোষ্ঠীতে ভাগ করে নিতিন নবীন বলেন, একটি গোষ্ঠীর নেতৃত্বে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও ইন্ডি অ্যালায়েন্স। অন্য গোষ্ঠীর সঙ্গে তিনি দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সহযোগী এবং ককরোচ জনতা পার্টিকে (সিজেপি) যুক্ত করেন।

তিনি বলেন, এই দুই গোষ্ঠীকে স্পষ্ট করে বলতে চান, ভারতের মানুষ তাদের উদ্দেশ্য সম্পর্কে ভালোভাবেই অবগত।

বিরোধীদের বিক্ষোভসহ বিভিন্ন কর্মকাণ্ডকে ‘অরাজকতার প্রতিযোগিতা’ আখ্যা দিয়ে বিজেপি সভাপতি অভিযোগ করেন, দেশে কারা বেশি অস্থিরতা সৃষ্টি করতে পারে, তা নিয়ে বিরোধীরা যেন প্রতিযোগিতায় নেমেছে। তবে তাদের এ প্রচেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।

নিতিন নবীনের ভাষ্য, জনগণ যেসব রাজনৈতিক শক্তিকে প্রত্যাখ্যান করেছে, তাদের উচিত ছিল সেই রায় মেনে নেওয়া এবং তা থেকে শিক্ষা নেওয়া। কিন্তু এর পরিবর্তে তারা দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করছে বলে অভিযোগ করেন তিনি।

বিজেপি সভাপতি আরও দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্য পূরণে বিদেশি শক্তির ইন্ধনে এসব কর্মকাণ্ড চালানো হচ্ছে। তবে এ অভিযোগের পক্ষে বক্তব্যে কোনো সুনির্দিষ্ট প্রমাণ তুলে ধরেননি তিনি।

এদিকে ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়ে বিতর্কের মধ্যেই দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের আয়োজন করা হয়েছে। আন্দোলনকারীদের একটি অংশ জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছে।

Home R3