বাংলাদেশসহ ২৯ দেশের ক্রুদের বিষয়ে ইসরায়েলের নিষেধাজ্ঞা মানবে এয়ার ফ্রান্স

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নেই, এমন দেশের নাগরিকদের পাইলট ও কেবিন ক্রু হিসেবে ফ্লাইট পরিচালনায় নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। এই নির্দেশনা মেনে চলার কথা জানিয়েছে ফরাসি বিমান সংস্থা এয়ার ফ্রান্স। দ্বৈত নাগরিকত্বধারীরাও এ বিধিনিষেধের আওতায় রয়েছেন।

আল জাজিরা ও ফরাসি অনুসন্ধানী সংবাদমাধ্যম মিডিয়াপার্টের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ, পাকিস্তান, ইরান, সৌদি আরব, ওমান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের নাগরিকদের ওপর এ নিষেধাজ্ঞা প্রযোজ্য। বিভিন্ন প্রতিবেদনে নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশের সংখ্যা ৩১টি বলা হলেও ইউনাইটেড এয়ারলাইনসের একটি অভ্যন্তরীণ স্মারকপত্রে ২৯টি দেশের তালিকা রয়েছে।

ইসরায়েলি সম্প্রচারমাধ্যম এন১২-এর তথ্য অনুযায়ী, গত ১ অক্টোবর দেশটির পরিবহন ও সড়ক নিরাপত্তা মন্ত্রণালয় বিদেশি বিমান সংস্থাগুলোকে নতুন নির্দেশনার কথা জানায়। এয়ার ফ্রান্সের অভ্যন্তরীণ স্মারকপত্রে বলা হয়েছে, নির্দেশনা অমান্য করলে বিমান সংস্থা ও সংশ্লিষ্ট কর্মীদের শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে হতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে ওমানি কো-পাইলটের বিরুদ্ধে ভারতীয় ক্যাপ্টেনকে আক্রমণ ও বিমান ছিনতাইয়ের চেষ্টা করার অভিযোগ ওঠে। এর পরদিনই ইসরায়েল নতুন নির্দেশনা জারি করে। তবে দুটি ঘটনার মধ্যে সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এয়ার ফ্রান্সের পাশাপাশি চেক প্রজাতন্ত্রের বিমান সংস্থা স্মার্টউইংসও নির্দেশনা পাওয়ার কথা জানিয়েছে। ইউনাইটেড এয়ারলাইনসও তাদের কর্মীদের এ বিধিনিষেধ সম্পর্কে অবহিত করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: আল জাজিরা ও মিডিয়াপার্ট

Home R3