জার্মানিতে নির্বাসনের তালিকায় থাকা আফগান নাগরিকদের প্রায় ৫৫ শতাংশের বিরুদ্ধে কোনো অপরাধের সাজা নেই। দেশটির পার্লামেন্টে করা এক প্রশ্নের জবাবে সরকারের দেওয়া তথ্য থেকে এ তথ্য জানা গেছে।
গত ৮ জুলাই থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত জার্মানির বিভিন্ন রাজ্য ৪৮৮ জন আফগান নাগরিককে নির্বাসনের জন্য পুলিশের সহায়তা চেয়েছে। তাদের মধ্যে ২৬৭ জনের বিরুদ্ধে কোনো অপরাধের সাজা নেই। জুলাই থেকে জার্মানিতে নির্বাসনের নীতিও পরিবর্তন করা হয়েছে। এখন শুধু অপরাধী বা নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচিত ব্যক্তিদের নয়, দেশ ছাড়ার বাধ্যবাধকতা রয়েছে এমন অন্য আফগানদেরও নির্বাসন করা হচ্ছে।
জার্মান সংবাদ সংস্থা ডিপিএ জানিয়েছে, ২০২৫ সালের মে মাসে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে অন্তত ২৫০ জন আফগানকে ফেরত পাঠানো হয়েছে। জুলাইয়ে ফেরত পাঠানো ৩১ জনের মধ্যে একজনের বিরুদ্ধেও কোনো অপরাধের রেকর্ড ছিল না।
জার্মান মানবাধিকার সংগঠন প্রো আসাইলের হিসাবে, দেশটিতে প্রায় ১৩ হাজার আফগানকে জার্মানি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রায় ১০ হাজার জনকে সাময়িকভাবে ‘ডুলডুং’ ব্যবস্থার আওতায় রাখা হয়েছে।
আফগানদের ফেরত পাঠানো নিয়ে মানবাধিকার সংগঠন ও বিরোধী রাজনীতিকরা সমালোচনা করছেন। তাদের অভিযোগ, নির্বাসন কার্যকর করতে জার্মানি তালেবানের সঙ্গে সহযোগিতা করছে। তবে জার্মানি তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি।
সূত্র : ইনফোমাইগ্রেন্টস