দেশের আকাশপথে নিরাপত্তা জোরদার এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) জনস্বার্থে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান।
নোটিশটি মন্ত্রিপরিষদ সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং বাংলাদেশ সমরাস্ত্র কারখানা-এর কমান্ড্যান্টসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।
নোটিশে বলা হয়, আধুনিক যুদ্ধ ব্যবস্থায় মিসাইল, যুদ্ধবিমান ও ড্রোন হামলার ঝুঁকি বেড়েছে, যেখানে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় উল্লেখযোগ্য ঘাটতি রয়েছে। ফলে সম্ভাব্য হামলার ক্ষেত্রে সামরিক স্থাপনার পাশাপাশি বেসামরিক নাগরিকদের জীবনও হুমকির মুখে পড়তে পারে।
এতে আরও উল্লেখ করা হয়, আঞ্চলিক অস্থিতিশীলতা ও প্রতিবেশী মিয়ানমার-এর চলমান গৃহযুদ্ধের প্রেক্ষাপটে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বাড়ছে। এছাড়া ভারত ইতোমধ্যে রাশিয়ার এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করায় আঞ্চলিক সামরিক ভারসাম্য রক্ষায় বাংলাদেশকেও দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
নোটিশে বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমাতে নিজস্ব প্রযুক্তিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির জন্য গবেষণা ও উন্নয়ন কার্যক্রম শুরু করারও আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। অন্যথায় হাইকোর্টে রিট দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।