মুম্বাই-দিল্লিতে হামলার হুঁশিয়ারি পাকিস্তানি কূটনীতিকের
পাকিস্তান যদি কোনও বিদেশি শক্তির দ্বারা হামলার শিকার হয়, তবে কোনও চিন্তা-ভাবনা ছাড়াই ভারতের মুম্বাই-দিল্লির মতো মেগাসিটিগুলোকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছেন ভারতে নিযুক্ত দেশটির সাবেক হাইকমিশনার আবদুল বাসিত। পাকিস্তানের এবিএন নিউজ টিভি চ্যানেলের ‘ডিসাইফার’ নামের একটি অনুষ্ঠানে এ বিস্ফোরক মন্তব্য করেন তিনি।
কাল্পনিক এক যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনার সময় আব্দুল বাসিত বলেন, ‘যদি যুক্তরাষ্ট্র পাকিস্তানে আক্রমণ চালায়, তাহলে আমাদের দ্বিতীয় কোনও চিন্তা ছাড়াই ভারতের মুম্বাই এবং দিল্লিতে হামলা করতে হবে। আমরা এটি ছাড়ব না। পরে যা হওয়ার হবে দেখা যাবে।’
তবে এই মন্তব্যকে একেবারে ‘চরম পরিস্থিতির’ এক মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন তিনি। ভারতের প্রধান শহরগুলোতে সরাসরি হামলার কথা বলায় দেশটির নাগরিকদের মাঝে পাকিস্তানের সাবেক হাইকমিশনারের বক্তব্য দ্রুত ছড়িয়ে পড়েছে।