২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরানের মিসাইল ঝড়ে লণ্ডভণ্ড ইসরাইলের দুই শহর

ইরানের মিসাইল হামলার মুখে ইসরাইল-এর দক্ষিণাঞ্চলীয় দুটি শহর থেকে ২,৭০০-এরও বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।

ইসরাইলি গণমাধ্যমের বরাত দিয়ে দেশটির কল্যাণ ও সমাজসেবা মন্ত্রণালয় জানিয়েছে, বাস্তুচ্যুত এসব মানুষকে সহায়তা দিতে সরকার কাজ করছে। সরিয়ে নেওয়া বাসিন্দাদের মধ্যে প্রায় ১,০০০ জনই আরাদ ও ডিমোনা শহরের বাসিন্দা, যেখানে গত শনিবার রাতে (২১ মার্চ) ইরান ব্যাপক মিসাইল হামলা চালায়।

ইসরাইলের জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, হামলায় অন্তত ১৮০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব প্রজেক্টাইল প্রতিহত করতে ব্যর্থ হওয়ায় ১০০-এর বেশি মানুষ আহত হয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, এই হামলা ছিল তাদের পারমাণবিক স্থাপনায় পূর্ববর্তী আক্রমণের প্রতিশোধ। তেহরান দাবি করেছে, ডিমোনায় অবস্থিত ইসরাইলের পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়, যা নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে হামলার পাল্টা জবাব।

এই পাল্টাপাল্টি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে।

সূত্র: আলজাজিরা।