নারীদের শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, যে জাতির নারীরা এগিয়ে যায়, সেই জাতিও এগিয়ে যায়।
রোববার (১৫ মার্চ) রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর-এ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে জুবাইদা রহমান বলেন, বর্তমান সরকার কন্যাশিশুর অধিকার বাস্তবায়নে বদ্ধপরিকর। নারীদের শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপও নেওয়া হবে। দেশের প্রতিটি শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
তিনি আরও বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তোলা হবে যেখানে নারী নেতৃত্বে ভবিষ্যৎ বাংলাদেশ এগিয়ে যাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশে প্রথম নারী বিষয়ক অধিদপ্তর প্রতিষ্ঠা করেছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এছাড়া আনসার ভিডিপিতে নারীদের অন্তর্ভুক্ত করা এবং নারীদের জন্য ২০ শতাংশ কোটা চালুর উদ্যোগও তিনি নিয়েছিলেন।
জাহিদ হোসেন বলেন, নারীর অধিকার সবার জন্য সমান। তবে গণতন্ত্রের আড়ালেও স্বৈরাচার থাকতে পারে, যা আমরা বিগত সরকারের সময় দেখেছি। তিনি আরও বলেন, আমরা এমন একটি দেশ গড়ে তুলতে চাই যেখানে নারীর অধিকার নিয়ে আলাদা করে কথা বলতে না হয়।