পারমাণবিক আলোচনা ভেস্তে যাওয়ার জেরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা চরমে পৌঁছেছে। বুধবার (৪ মার্চ) কাতারে অবস্থিত মধ্যপ্রাচ্যের সর্ববৃহৎ মার্কিন সামরিক ঘাঁটি আল-উদেইদ বিমানঘাঁটিতে দুটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।
কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক জরুরি বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে একটি কাতারের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মাঝ আকাশেই প্রতিহত করতে সক্ষম হয়েছে। তবে অপর ক্ষেপণাস্ত্রটি সরাসরি আল-উদেইদ ঘাঁটির ভেতরে আঘাত হানে।
গত শনিবার ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর এটিই মার্কিন কোনো বড় সামরিক স্থাপনায় তেহরানের সরাসরি ও সবচেয়ে শক্তিশালী পাল্টা আঘাত বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, কাতারে অবস্থিত আল-উদেইদ বিমানঘাঁটি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির অন্যতম প্রধান কেন্দ্র। এখানে বিপুলসংখ্যক মার্কিন সেনা ও আধুনিক সামরিক সরঞ্জাম মোতায়েন রয়েছে।
হামলার পর ঘাঁটির ভেতরে বড় ধরনের বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো সুনির্দিষ্ট তথ্য জানায়নি কাতার কর্তৃপক্ষ। পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহল।