পাক-আফগান যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জামিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান।
তিনি বলেছেন, একতরফা সামরিক মিশন সমস্যা সমাধান করে না; বরং পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
জমিয়ত-এর মিডিয়া সেল থেকে প্রকাশিত এক বিবৃতিতে মাওলানা ফজলুর রহমান বলেন, নিরাপত্তার প্রশ্নে পাকিস্তানের অভিযোগ যৌক্তিক। তবে আফগানিস্তানের সার্বভৌমত্ব এবং তাদের অভ্যন্তরীণ সমস্যাগুলোর প্রতিও সম্মান দেখানো জরুরি।
তিনি বলেন, উত্তেজনাপ্রসূত আচরণ দুই দেশের জন্যই জটিলতা বাড়াচ্ছে। তাঁর ভাষায়, “দ্বিপক্ষীয় স্বার্থ, নির্ভরযোগ্য নিরাপত্তা কাঠামো এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত নীতিমালা কার্যকর করা উচিত। কারণ কূটনৈতিক প্রচেষ্টাই এই সমস্যার টেকসই সমাধান খুঁজে দিতে পারে।”
মাওলানা ফজলুর রহমান দুই দেশকে সংযম, সহনশীলতা ও দায়িত্বশীল আচরণ অবলম্বনের আহ্বান জানান। একই সঙ্গে তিনি অবিলম্বে যুদ্ধবিরতির আবেদন করেন।
সূত্র : বিবিসি উর্দু