১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ইতোমধ্যে ৯টি দেশে ২৩ হাজার টন ডালিম রপ্তানি করেছে আফগানিস্তান

তালেবান ক্ষমতা গ্রহণের পর আফগানিস্তান নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেলেও ধীরে ধীরে দেশের অর্থনৈতিক সংকট কাটতে শুরু করেছে; এমন ইঙ্গিত মিলছে বিভিন্ন খাতের অগ্রগতিতে। বিশেষ করে কৃষি ও রপ্তানি খাতে ধারাবাহিক সাফল্য দেশটির অর্থনীতিতে নতুন আশার সঞ্চার করছে। এরই বাস্তব উদাহরণ হিসেবে কান্দাহার প্রদেশ থেকে উল্লেখযোগ্য পরিমাণ ডালিম রপ্তানি বেড়ে চলেছে, যা একদিকে বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখছে, অন্যদিকে কৃষক ও ব্যবসায়ীদের আয় বাড়িয়ে সামগ্রিক অর্থনৈতিক পুনরুদ্ধারকে ত্বরান্বিত করছে।

সম্প্রতি কান্দাহারের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ১৪০৪ হিজরি সালে কান্দাহার থেকে আন্তর্জাতিক বাজারে প্রায় ২৩ হাজার টন ডালিম রপ্তানি করা হয়েছে।

আফগানিস্তানের গণমাধ্যমগুলোতে প্রকাশিত সংবাদ থেকে এ তথ্য জানা যায়।

কান্দাহার প্রাদেশিক সরকার বলেছে, জাতীয় ব্যবসায়ী, কৃষি, সেচ ও পশুপালন বিভাগের সমন্বিত প্রচেষ্টার ফলেই এই রপ্তানি সফল হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, উৎপাদিত ডালিম পাকিস্তান, ভারত, সৌদি আরব, মালয়েশিয়া, উজবেকিস্তান, রাশিয়া, কাজাখস্তান, সংযুক্ত আরব আমিরাত ও কাতারসহ বিভিন্ন দেশে পাঠানো হয়েছে।

উল্লেখ্য; চলতি বছরে কান্দাহার প্রদেশে প্রায় ২ লাখ ৭৪ হাজার টন ডালিম উৎপাদন হয়েছে।

সূত্র : হুররিয়াত রেডিও