বাংলাদেশ থেকে ১৫০ যাত্রী নিয়ে পাকিস্তানের করাচির উদ্দেশ্যে যাত্রা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৮টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিজি-৩৪১ ফ্লাইটটি করাচির উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
ফ্লাইটটি আজ স্থানীয় সময় রাত ১১টায় করাচিতে পৌঁছাবে। ফিরতি ফ্লাইট বিজি-৩৪২ করাচি থেকে শুক্রবার (৩০ জানুয়ারি) দিনগত রাত ১২টা ১ মিনিটে যাত্রা করে ঢাকায় পৌঁছাবে ভোর ৪টা ২০ মিনিটে।
শীতকালীন সময়সূচি অনুযায়ী, সপ্তাহে প্রতি বৃহস্পতিবার ও শনিবার ঢাকা থেকে রাত ৮টায় রওনা হয়ে করাচিতে রাত ১১টায় পৌঁছাবে। একইভাবে, করাচি থেকে রাত ১২টা ১ মিনিটে যাত্রা শুরু করে ঢাকায় ভোর ৪টা ২০ মিনিটে পৌঁছাবে।
উদ্বোধনী ফ্লাইট উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ঢাকা–করাচি সরাসরি রুট চালু হওয়ায় পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য, শিক্ষা এবং সাংস্কৃতিক বিনিময় আরও বিস্তৃত হবে। রুটটি দুই দেশের মধ্যে সম্পর্ককে শক্তিশালী করার পাশাপাশি যাত্রীদের জন্য ভ্রমণ সুবিধা বৃদ্ধি করবে।