ব্যবসাপ্রতিষ্ঠানের প্রবৃদ্ধি, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং বড় কোম্পানি গড়ে তুলতে ৫০ কোটি ইউরোর একটি বিনিয়োগ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে পর্তুগাল সরকার। এ তহবিলের মাধ্যমে বেসরকারি বিনিয়োগকারীদের সঙ্গে যৌথভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগ করা হবে। প্রয়োজনে প্রাথমিক বরাদ্দের পরিমাণ আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে সরকারের।
গত মঙ্গলবার (২৪ নভেম্বর) পর্তুগালের অর্থনীতি ও আঞ্চলিক সংহতিবিষয়ক মন্ত্রী ম্যানুয়েল কাস্ত্রো আলমেইদা পর্তুগিজ প্রাইভেট ইকুইটি অ্যান্ড ভেঞ্চার ক্যাপিটাল অ্যাসোসিয়েশনের (এপিসিআরআই) বার্ষিক সম্মেলনে এ পরিকল্পনার কথা জানান।
তিনি প্রাথমিক ৫০ কোটি ইউরোর বরাদ্দকে একটি ভালো ও শক্তিশালী সূচনা হিসেবে উল্লেখ করেন।
তহবিলটি পরিচালনা করবে পর্তুগালের উন্নয়ন ব্যাংক ‘ব্যাংকো পর্তুগিজ দে ফোমেন্তো’ (বিপিএফ)। এর মাধ্যমে সরকারি অর্থ বেসরকারি প্রতিষ্ঠানের পরিচালিত বিভিন্ন বিনিয়োগ তহবিলে দেওয়া হবে। এসব তহবিল পরে সম্ভাবনাময় ব্যবসাপ্রতিষ্ঠানে বিনিয়োগ করবে।
মন্ত্রী জানান, বেসরকারি বিনিয়োগকারীরা যদি সরকারি অর্থের পাশাপাশি আরও বেশি অর্থ বিনিয়োগে আগ্রহ দেখান, তাহলে সরকার প্রাথমিক বরাদ্দ বাড়ানোর বিষয়টি বিবেচনা করবে। তিনি বলেন, বেসরকারি বিনিয়োগকারীদের কাছ থেকে বেশি অর্থ বিনিয়োগের সুযোগ তৈরি হলে সরকারও সে অনুযায়ী অতিরিক্ত অর্থ দেওয়ার বিষয়টি পর্যালোচনা করবে।
তবে তিনি স্পষ্ট করে বলেন, ৫০ কোটি ইউরো বিনিয়োগ খাতের জন্য কোনো উপহার নয়। সরকারি অর্থের পাশাপাশি তহবিল পরিচালনাকারীদেরও নিজেদের অর্থ বিনিয়োগ করতে হবে। পাশাপাশি যেসব প্রতিষ্ঠানকে বিনিয়োগের জন্য বেছে নেওয়া হবে, সেগুলোর উন্নয়নে তাদের আন্তরিকভাবে কাজ করতে হবে। বিনিয়োগ প্রস্তাব যাচাইয়ের ক্ষেত্রে উন্নয়ন ব্যাংককে কঠোর নীতিমালা অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।
এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সম্ভাবনাময় ব্যবসাপ্রতিষ্ঠানের অর্থসংকট দূর করা, ভবিষ্যতে বড় প্রতিষ্ঠানে পরিণত হতে পারে এমন কোম্পানিগুলোকে প্রয়োজনীয় মূলধন সরবরাহ করা এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠানের উৎপাদনশীলতা ও প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানো।
মন্ত্রী কাস্ত্রো আলমেইদা বলেন, পর্তুগালের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে বড় কোম্পানির সংখ্যা বাড়ানো প্রয়োজন। এ জন্য ছোট ও মাঝারি প্রতিষ্ঠানগুলোর একীভূত হয়ে বড় প্রতিষ্ঠানে পরিণত হওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ।
তিনি একটি গবেষণার তথ্য তুলে ধরে বলেন, পর্তুগালের শীর্ষ ২০টি রপ্তানিকারক প্রতিষ্ঠান দেশের অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানের তুলনায় কর্মীপ্রতি তিন গুণ বেশি মূল্য সংযোজন করে এবং প্রায় দ্বিগুণ গড় বেতন দেয়।
মন্ত্রী বলেন, বড় প্রতিষ্ঠানগুলো যদি বেশি উৎপাদনশীল হয়, কর্মীপ্রতি তিন গুণ বেশি মূল্য সংযোজন করে, বেশি রপ্তানি করে এবং প্রায় দ্বিগুণ বেতন দেয়, তাহলে সরকারের অর্থনৈতিক নীতিতে আরও বড় প্রতিষ্ঠান গড়ে তোলার বিষয়টি গুরুত্ব পাওয়া উচিত।
এদিকে প্রাইভেট ইকুইটি ও ভেঞ্চার ক্যাপিটাল খাতের পরিভাষায় পরিবর্তন আনার পরিকল্পনার কথাও জানিয়েছেন মন্ত্রী। এ খাতে প্রচলিত ‘রিস্ক ক্যাপিটাল’ বা ঝুঁকিপূর্ণ মূলধন শব্দটির পরিবর্তে ‘ইনভেস্টমেন্ট ক্যাপিটাল’ বা বিনিয়োগ মূলধন শব্দ ব্যবহার করা হবে।
সম্পদ ব্যবস্থাপনা কাঠামো নিয়ে সরকারের আসন্ন নতুন আইনে এ পরিবর্তন অন্তর্ভুক্ত করা হবে। আইনটি শিগগিরই মন্ত্রিসভার অনুমোদনের জন্য তোলা হবে বলে আশা করা হচ্ছে। ইউরোপের অধিকাংশ দেশের সঙ্গে সামঞ্জস্য রাখতেই পর্তুগাল এ পরিভাষা পরিবর্তনের উদ্যোগ নিয়েছে।