মক্কা জোটে যোগদানের কথা ভাবছে ইন্দোনেশিয়া

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে গঠিত নিরাপত্তা জোট ‘মক্কা জোটে’ যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে ইন্দোনেশিয়া। তুর্কি কর্মকর্তাদের বক্তব্য এবং মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এমন সম্ভাবনার কথা উঠে এসেছে। তবে ইন্দোনেশিয়ার পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক আগ্রহের কথা নিশ্চিত করা হয়নি।

ইন্দোনেশিয়ার দূতাবাসও জাকার্তার এমন কোনো অবস্থানের কথা জানায়নি। অন্যদিকে, তুরস্কের নেতারা জানিয়েছেন, আপাতত নতুন সদস্য অন্তর্ভুক্তির চেয়ে বিদ্যমান জোটকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

ইন্দোনেশিয়ার সম্ভাব্য আগ্রহের পেছনে রয়েছে কয়েকটি কৌশলগত কারণ। প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো দেশটির প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং নিজস্ব প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করতে চান। এ ক্ষেত্রে তুরস্ক ইন্দোনেশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠেছে। ২০২৫ সালে তুরস্কের কাছ থেকে ৪৮টি কান (KAAN) যুদ্ধবিমান কেনার চুক্তি করে ইন্দোনেশিয়া। এতে প্রযুক্তিগত সহযোগিতার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

এ ছাড়া ২০২৬ সালের অক্টোবরে ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান ও কাতার ‘বদর প্রকল্প’ নিয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। প্রকল্পটির লক্ষ্য প্রতিরক্ষা গবেষণা, প্রযুক্তি হস্তান্তর ও যৌথ উৎপাদনে সহযোগিতা জোরদার করা।

২০২৬ সালের ৭ আগস্ট প্রতিষ্ঠিত মক্কা জোটে বলা হয়েছে, কোনো সদস্য রাষ্ট্রের ওপর সশস্ত্র হামলাকে সব সদস্যের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। পাকিস্তানের ভাষ্য অনুযায়ী, জোটটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়।

জোটে যুক্ত হলে ইন্দোনেশিয়ার জন্য সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে নিয়মিত নিরাপত্তা সংলাপ, রাজনৈতিক যোগাযোগ এবং কৌশলগত সহযোগিতা বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে। পাশাপাশি প্রভাবশালী মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে নিজেদের অবস্থান আরও সুসংহত করার সুযোগও পাবে জাকার্তা।

ভৌগোলিক দূরত্ব থাকলেও মক্কা জোটে ইন্দোনেশিয়ার সম্ভাব্য আগ্রহকে কেবল দূরত্বের বিবেচনায় দেখার সুযোগ নেই। প্রতিষ্ঠাতা সদস্য দেশগুলোর মতো একই ধরনের নিরাপত্তা হুমকির মুখে না থাকলেও অভিন্ন স্বার্থের ভিত্তিতে নিরাপত্তা সহযোগিতা ভৌগোলিক সীমারেখা অতিক্রম করতে পারে।

বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে ইন্দোনেশিয়া দীর্ঘদিন ধরে ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসিতে সক্রিয় ভূমিকা পালন করছে। জনসংখ্যা, অর্থনৈতিক সক্ষমতা ও কূটনৈতিক গুরুত্বের কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করাও জাকার্তার জন্য গুরুত্বপূর্ণ।

তবে জোটে যোগ দেওয়ার সম্ভাব্য পরিণতি নিয়েও প্রশ্ন রয়েছে। ইন্দোনেশিয়ার কোনো অংশীদার দেশ নিজ অঞ্চলের বাইরে সংঘাতে জড়িয়ে পড়লে জাকার্তাকে কি তাদের প্রতিরক্ষায় এগিয়ে আসতে হবে? অন্য সদস্যদের সিদ্ধান্ত কোনো সংকটের সময় ইন্দোনেশিয়ার সম্পৃক্ততাকে কীভাবে প্রভাবিত করবে? এসব বিষয় বিবেচনা করা দেশটির জন্য গুরুত্বপূর্ণ।

ইন্দোনেশিয়ার পররাষ্ট্রনীতির মূল ভিত্তি ‘স্বাধীন ও সক্রিয়’ নীতি। এর মাধ্যমে দেশটি স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ এবং বড় শক্তিগুলোর সামরিক বলয়ে জড়িয়ে পড়া এড়িয়ে চলার ওপর গুরুত্ব দেয়। প্রেসিডেন্ট প্রাবোওও বারবার এ অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ইন্দোনেশিয়া কোনো সামরিক জোটের সঙ্গে সম্পৃক্ত নয় এবং বিশ্বের সব প্রধান শক্তির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়।

বদর প্রকল্পের মতো উদ্যোগের মাধ্যমে প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়ানো এই নীতির সঙ্গে সাংঘর্ষিক নয়। বরং ইন্দোনেশিয়ার বর্তমান কৌশলকে ‘মাল্টি-অ্যালাইনমেন্ট’ বা বহুমুখী কৌশলগত অংশীদারত্বের নীতি হিসেবে দেখা যেতে পারে। এর মাধ্যমে দেশটি বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি নিজেদের সার্বভৌমত্ব, স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ও জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রাখতে চায়।

Home R3