পারস্পরিক ভিসা বাধ্যবাধকতা তুলে নিচ্ছে  মিশর ও ইরাক

মিশর ও ইরাকের নাগরিকদের পারস্পরিক ভিসা বাধ্যবাধকতা বাতিল করতে সম্মত হয়েছে দেশ দুটি। সোমবার (২৩ নভেম্বর) মিশরের রাজধানী কায়রোর ইত্তিহাদিয়া প্রাসাদে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি।

সংবাদ সম্মেলনে ইরাকি প্রধানমন্ত্রী বলেন, মিশরের প্রেসিডেন্টের সঙ্গে দুই দেশের নাগরিকদের ভিসা বাধ্যবাধকতা তুলে নেওয়ার বিষয়ে তাঁরা একমত হয়েছেন। তবে সিদ্ধান্তটি কবে থেকে কার্যকর হবে এবং বাস্তবায়ন প্রক্রিয়া কী হবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

এর আগে দুই নেতার দ্বিপক্ষীয় বৈঠকে মিশর ও ইরাকের পারস্পরিক সম্পর্ক জোরদার, সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ এবং সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

ইরাকের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই আলী আল-জাইদির প্রথম মিশর সফর। দুই দেশের যৌথ উচ্চ কমিটির চতুর্থ অধিবেশনকে কেন্দ্র করে তাঁর এ সফর অনুষ্ঠিত হচ্ছে। অধিবেশনে অর্থনৈতিক, বাণিজ্যিক ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

Home R3