হঠাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেল। একই সঙ্গে অচল হয়ে পড়ল মোবাইল নেটওয়ার্ক। ব্যাংকের কার্ড দিয়ে কেনাকাটা কিংবা টাকা তোলার সুযোগ নেই। এদিকে সুপারমার্কেটের তাক থেকেও শেষ হয়ে গেছে খাবার ও পানির বোতল। এমন পরিস্থিতিতে পরিবারের সদস্যদের নিয়ে কীভাবে টিকে থাকবেন?
ইউরোপের বিভিন্ন দেশের সরকার এখন নাগরিকদের এমন সম্ভাব্য সংকট মোকাবিলার প্রস্তুতি নিতে বলছে। পরামর্শ দেওয়া হচ্ছে, প্রতিটি পরিবার যেন অন্তত তিন দিনের খাবার, পানীয় জল, প্রয়োজনীয় ওষুধ এবং জরুরি সরঞ্জাম ঘরে রাখে। কোনো কোনো দেশ অবশ্য আরও দীর্ঘ সময়ের প্রস্তুতির কথা বলছে। সেখানে এক সপ্তাহ থেকে ১০ দিন পর্যন্ত চলার মতো রসদ মজুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
সরকারি এসব নির্দেশনার প্রভাব পড়তে শুরু করেছে ইউরোপের সুপারমার্কেটগুলোয়। নিয়মিত বাজারের পাশাপাশি ক্রেতারা এখন কিনছেন টিনজাত খাবার, শুকনা ফল, বোতলজাত পানি, টর্চলাইট, মোমবাতি ও ব্যাটারি চালিত রেডিওর মতো পণ্য।
একসময় এ ধরনের প্রস্তুতিকে কেবল মহাপ্রলয়ের আশঙ্কায় থাকা কিছু মানুষের অতি সতর্কতা হিসেবে দেখা হতো। কিন্তু ইউরোপের সাম্প্রতিক পরিস্থিতিতে বিষয়টি এখন সরকারি নীতির অংশ হয়ে উঠেছে।
কীভাবে শুরু হলো এই প্রস্তুতি
গত ৩ নভেম্বর ব্রাসেলসে অনুষ্ঠিত নবম ‘ইউরোপিয়ান সিভিল প্রটেকশন ফোরাম’-এ নাগরিকদের জন্য নতুন একটি সংকট মোকাবিলা নির্দেশিকা প্রকাশ করেন ইউরোপীয় কমিশনের সমতা, প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনাবিষয়ক কমিশনার হাদজা লাহবিব।
নির্দেশিকায় প্রতিটি পরিবারকে জরুরি খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী, ওষুধ এবং নগদ অর্থ প্রস্তুত রাখার পাশাপাশি পরিবারের সদস্যদের নিয়ে একটি জরুরি পরিকল্পনা তৈরির আহ্বান জানানো হয়েছে।
ইউরোপীয় কমিশনের ব্যাখ্যা, বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ, দীর্ঘস্থায়ী বিদ্যুৎ-বিভ্রাট, সাইবার হামলা কিংবা সামরিক সংঘাতের প্রথম ৭২ ঘণ্টা পরিস্থিতি সামাল দেওয়া সবচেয়ে কঠিন হতে পারে। কারণ, এমন সময়ে উদ্ধারকারী দল, পুলিশ ও স্বাস্থ্যকর্মীদের প্রথমে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা মানুষদের সহায়তা করতে হয়। ফলে সংকটের শুরুতেই প্রত্যেক পরিবারের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব নাও হতে পারে।
ইউরোপীয় কমিশনের উদ্যোগের আগে গত ২২ অক্টোবর যুক্তরাজ্য সরকারও ‘বি রেডি’ নামে একটি জাতীয় সচেতনতামূলক কর্মসূচি চালু করে। এতে প্রত্যেক ব্যক্তির জন্য তিন দিনের পানি ও খাবার মজুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। প্রতিদিন তিন লিটার হিসেবে জনপ্রতি অন্তত ৯ লিটার পানি রাখার কথা বলা হয়েছে।
ব্রিটিশ সরকারের ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় টিনজাত মাংস, শাকসবজি, ফল, ওটস, বাদাম, বিস্কুট, শিশুদের গুঁড়া দুধ এবং পোষা প্রাণীর খাবার রাখার কথাও রয়েছে।
এ ছাড়া বিদ্যুৎ চলে গেলে যোগাযোগের জন্য ব্যাটারিচালিত বা হাতে ঘুরিয়ে চার্জ দেওয়া যায় এমন টর্চ ও রেডিও, বাড়তি ব্যাটারি এবং প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম রাখার পরামর্শ দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ কাগজপত্রের ফটোকপিও পানিরোধী ব্যাগে সংরক্ষণ করতে বলা হয়েছে।
‘ভয় নয়, প্রস্তুতিই মূল লক্ষ্য’
যুদ্ধ, সাইবার হামলা ও প্রাকৃতিক দুর্যোগের মতো পরিস্থিতি মোকাবিলায় সরকারের উদ্যোগের পক্ষে কথা বলেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম।
তিনি বলেন, নাগরিকদের এসব পরামর্শ দেওয়ার উদ্দেশ্য আতঙ্ক তৈরি করা নয়। বরং অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য মানুষকে মানসিক ও বাস্তবিকভাবে প্রস্তুত রাখা।
বার্নহ্যামের মতে, আধুনিক জীবনযাত্রা বিদ্যুৎ, ইন্টারনেট ও ডিজিটাল লেনদেনের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল হয়ে পড়েছে। এসব ব্যবস্থার যেকোনো একটি বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়লে মানুষ দ্রুত অসহায় অবস্থায় চলে যেতে পারে। তাই ঘরে কিছু খাবার ও পানি থাকলে সংকটের শুরুর দিনগুলো পরিবারগুলো তুলনামূলক নিরাপদে কাটাতে পারবে।
ইউরোপে হামলার আশঙ্কা কি বাড়ছে
সরকারি পর্যায়ে এমন প্রস্তুতির আহ্বান আসার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ইউরোপ কি নতুন কোনো বড় যুদ্ধের আশঙ্কা করছে?
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের মাটিতে সবচেয়ে বড় ও প্রাণঘাতী সংঘাত হিসেবে বিবেচিত ইউক্রেন যুদ্ধ এখনো চলছে। তবে ইউরোপীয় নীতিনির্ধারকদের উদ্বেগ শুধু সরাসরি সামরিক হামলাকে ঘিরে নয়। তাঁদের কাছে বড় চিন্তার বিষয় হয়ে উঠেছে ‘হাইব্রিড যুদ্ধ’ বা প্রচলিত যুদ্ধের বাইরে পরিচালিত নাশকতামূলক তৎপরতা।
এ ধরনের সংঘাতে সরাসরি সেনা পাঠিয়ে হামলার পরিবর্তে কোনো দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো, জ্বালানি সরবরাহ, যোগাযোগব্যবস্থা ও ইন্টারনেট নেটওয়ার্ককে লক্ষ্যবস্তু করা হয়। এর ফলে সামরিক সংঘাত ছাড়াই একটি দেশের স্বাভাবিক কার্যক্রম অচল হয়ে পড়তে পারে।
যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং এ বিষয়ে সতর্ক করে বলেছেন, রাশিয়া কিংবা অন্য কোনো শত্রুভাবাপন্ন রাষ্ট্রের মদদে সন্ত্রাসবাদ ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলার আশঙ্কা এখন আর নিছক কল্পনা নয়।
তাঁর ভাষায়, এসব হুমকি আর দূরবর্তী কোনো অঞ্চলে সীমাবদ্ধ নেই; বরং ইউরোপের নিজেদের নিরাপত্তার জন্যও তা ক্রমবর্ধমান উদ্বেগের কারণ হয়ে উঠছে। তাই সামরিক প্রতিরক্ষার পাশাপাশি সাধারণ মানুষের সংকট মোকাবিলার সক্ষমতা বাড়ানোও জরুরি।
স্ট্রিটিংয়ের আশঙ্কা, সম্ভাব্য সাইবার হামলায় ব্যবসাপ্রতিষ্ঠানের আর্থিক লেনদেন বন্ধ হয়ে যেতে পারে। একই সঙ্গে ব্যাহত হতে পারে খাদ্য সরবরাহব্যবস্থা।
গুরুত্বপূর্ণ অবকাঠামো নিয়ে গোয়েন্দাদের উদ্বেগ
ইউরোপের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক পর্যবেক্ষণও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। বিশেষ করে ইউরোপীয় জলসীমায় সমুদ্রের নিচে থাকা গ্যাস পাইপলাইন ও ইন্টারনেট কেব্লের আশপাশে রুশ গোয়েন্দা জাহাজের সন্দেহজনক তৎপরতা বেড়েছে বলে জানা যাচ্ছে।
এসব গুরুত্বপূর্ণ কেব্ল ক্ষতিগ্রস্ত হলে ইউরোপের বিস্তীর্ণ অঞ্চলে ইন্টারনেট ও টেলিযোগাযোগ ব্যবস্থা ব্যাহত হতে পারে।
এ ছাড়া সাম্প্রতিক সময়ে ইউরোপের বিভিন্ন প্রতিরক্ষা কারখানা ও অস্ত্রের গুদামে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জার্মানির লাইপজিগ বিমানবন্দরে ইউক্রেনের একটি কার্গো বিমানের কাছে বিস্ফোরকবোঝাই ড্রোন উদ্ধারের ঘটনাও নিরাপত্তা বিশ্লেষকদের উদ্বেগ বাড়িয়েছে।
গোয়েন্দাদের ধারণা, সরাসরি যুদ্ধক্ষেত্রে হামলার বাইরে ইউরোপের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও বিশৃঙ্খলা তৈরির উদ্দেশ্যেও এসব নাশকতামূলক তৎপরতা চালানো হতে পারে।
বিদ্যুৎ-বিভ্রাটে থমকে যেতে পারে স্বাভাবিক জীবন
সামরিক হুমকি ছাড়াও প্রাকৃতিক দুর্যোগ ও প্রযুক্তিগত বিপর্যয়ের অভিজ্ঞতা ইউরোপের দেশগুলোকে জরুরি প্রস্তুতির প্রয়োজনীয়তা বুঝিয়েছে। এর বড় উদাহরণ ২০২৫ সালের এপ্রিলের বিদ্যুৎ-বিভ্রাট।
ওই সময় ভোল্টেজজনিত বিপর্যয়ে স্পেন ও পর্তুগালের প্রায় সাড়ে পাঁচ কোটি মানুষ ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎহীন ছিলেন। বিদ্যুৎ না থাকায় এটিএম, ব্যাংক কার্ডের মাধ্যমে লেনদেন, মোবাইল নেটওয়ার্ক এবং সুপারমার্কেটের বিলিং ব্যবস্থা বন্ধ হয়ে যায়।
যাঁদের কাছে নগদ টাকা কিংবা বাড়িতে সংরক্ষিত খাবার ছিল না, তাঁদের অনেকেই বিপাকে পড়েন।
জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপে আকস্মিক বন্যা, তীব্র তাপপ্রবাহসহ চরম আবহাওয়ার ঘটনাও বাড়ছে। এসব দুর্যোগও যেকোনো সময় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করতে পারে।
জার্মানি, সুইডেন ও নরওয়েতে প্রস্তুতির সময়সীমা বেশি
ইউরোপের সব দেশে জরুরি রসদ মজুতের নির্দেশনা এক নয়। দেশগুলোর ভৌগোলিক অবস্থান, নিরাপত্তা পরিস্থিতি ও অতীত অভিজ্ঞতার ভিত্তিতে প্রস্তুতির সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
নিউজউইকের একটি মানচিত্রভিত্তিক বিশ্লেষণ অনুযায়ী, ইউরোপের অন্তত ১৭টি দেশ নাগরিকদের বাড়িতে জরুরি খাবার ও পানি মজুত রাখার আনুষ্ঠানিক নির্দেশনা দিয়েছে। এসব দেশের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময়ের প্রস্তুতির পরামর্শ দিয়েছে জার্মানি।
দেশটির ফেডারেল অফিস অব সিভিল প্রটেকশন অ্যান্ড ডিজাস্টার অ্যাসিস্ট্যান্স নাগরিকদের ১০ দিনের খাবার ও পানি সংরক্ষণ করতে বলেছে। প্রতিদিন জনপ্রতি দুই লিটার হিসাবে ১০ দিনের জন্য পানি রাখার পরামর্শ রয়েছে। তালিকায় শস্য, ডাল, টিনজাত খাবার, শুকনা ফল ও প্রয়োজনীয় ওষুধের পাশাপাশি ঘর গরম রাখার বিকল্প ব্যবস্থাও অন্তর্ভুক্ত করা হয়েছে।
রাশিয়ার কাছাকাছি অবস্থানের কারণে নর্ডিক দেশগুলোতেও নাগরিকদের জরুরি প্রস্তুতির বিষয়টি দীর্ঘদিনের চর্চা। সুইডেন, নরওয়ে ও ফিনল্যান্ডে অন্তত এক সপ্তাহ বাইরের সহায়তা ছাড়াই চলার মতো রসদ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশেষ করে সুইডেন দুই বছর আগে দেশটির প্রতিটি বাড়িতে ‘ইন কেইস অব ক্রাইসিস অর ওয়ার’ শিরোনামের একটি নির্দেশিকাপুস্তিকা ডাকযোগে পাঠায়। শীতল যুদ্ধের সময় চালু থাকা এ ধরনের উদ্যোগ নতুন করে ফিরিয়ে আনা হয়েছে।
পুস্তিকায় যুদ্ধ কিংবা জাতীয় সংকটের সময় কীভাবে আত্মরক্ষা করতে হবে, কোথায় আশ্রয় নিতে হবে এবং ঘরে কী ধরনের খাবার, পানি ও যোগাযোগের সরঞ্জাম রাখতে হবে, তা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।
এস্তোনিয়ার নাগরিকদেরও অন্তত এক সপ্তাহ বাইরের সহায়তা ছাড়া চলার প্রস্তুতি নিতে বলা হয়েছে। অন্যদিকে পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র ও রোমানিয়ায় ৭২ ঘণ্টার জরুরি প্রস্তুতির কর্মসূচি রয়েছে।
সরকারি নির্দেশনা মেনে নাগরিকদের প্রস্তুতি
সরকারি পরামর্শ যে অনেক নাগরিকের জীবনযাপনে প্রভাব ফেলছে, তার উদাহরণ পাওয়া যাচ্ছে বিভিন্ন দেশের মানুষের অভিজ্ঞতায়।
সুইডেনের রাজধানী স্টকহোমের বাসিন্দা আন্দ্রেয়াস ওয়েনারবার্গ সরকারি নির্দেশিকাটি পাওয়ার পর নিজের বাড়ির বেজমেন্টে জরুরি সরঞ্জাম রাখার আলাদা জায়গা তৈরি করেছেন। সেখানে রয়েছে ১০ লিটার বিশুদ্ধ পানি, হাতে ঘুরিয়ে চার্জ দেওয়া যায় এমন রেডিও, টিনজাত বিনস, পাস্তা ও কিছু নগদ অর্থ।
ওয়েনারবার্গের মতে, আতঙ্ক থেকে নয়, বরং নাগরিক দায়িত্ববোধ থেকেই তিনি এ প্রস্তুতি নিয়েছেন। এতে সংকটের সময় উদ্ধারকর্মীদের ওপর চাপ কিছুটা কমবে বলেও মনে করেন তিনি।
নেদারল্যান্ডসের বাসিন্দা মাইকেল স্টুট অবশ্য আরও বিস্তৃত প্রস্তুতি নিয়েছেন। সমুদ্রপৃষ্ঠের নিচু এলাকায় বসবাস করায় বন্যার ঝুঁকির পাশাপাশি সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতিও বিবেচনায় রেখেছেন তিনি। বাড়িতে ১২০ লিটার পানি ও একটি ছোট জেনারেটর রেখেছেন। ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে যোগাযোগ সচল রাখতে কিনেছেন স্যাটেলাইটভিত্তিক স্টারলিংক মিনি ডিভাইস।
পেশায় প্রযুক্তিবিদ মাইকেল মজুত করা খাবারের মেয়াদ শেষ হওয়ার সময় হিসাব রাখার জন্য নিজেই একটি মোবাইল অ্যাপ তৈরি করেছেন।
বিবিসির প্রতিবেদনে উঠে আসা এসব অভিজ্ঞতা বলছে, জরুরি প্রস্তুতির ধরন সবার ক্ষেত্রে এক নয়। কেউ ধীরে ধীরে প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করছেন, কেউ বাড়িতে আগে থেকে থাকা সামগ্রী দিয়েই প্রস্তুতি শুরু করেছেন। আবার কেউ দীর্ঘমেয়াদি নিরাপত্তার কথা ভেবে বড় অঙ্কের অর্থ ব্যয় করছেন।
ইউরোপীয় কমিশনের মূল্যায়নে উত্তর ও পূর্ব ইউরোপের দেশগুলো নাগরিক ও রাষ্ট্রীয় পর্যায়ে সংকট মোকাবিলার প্রস্তুতিতে তুলনামূলক এগিয়ে। তবে স্পেন, ইতালি ও গ্রিসের মতো দক্ষিণ ইউরোপের দেশগুলো এ ক্ষেত্রে এখনো পিছিয়ে রয়েছে। ফ্রান্সও সম্প্রতি নাগরিকদের ৭২ ঘণ্টা চলার মতো জরুরি ‘সারভাইভাল কিট’ তৈরি রাখার আহ্বান জানিয়েছে।