যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্যের সিনেট আসনে জয় পেয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী আবদুল এল সাঈদ। এর মধ্য দিয়ে দেশটির ইতিহাসে প্রথম মুসলিম হিসেবে সিনেটে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন তিনি। মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করেন ৪২ বছর বয়সী এল সাঈদ।
বুধবার (৪ নভেম্বর) রয়টার্সের প্রকাশিত প্রাথমিক ফলাফল অনুযায়ী, তিনি পেয়েছেন ৫১ দশমিক ৮ শতাংশ ভোট। অন্যদিকে রজার্স পেয়েছেন ৪৬ দশমিক ২ শতাংশ। তখন পর্যন্ত মিশিগানে ৭৭ দশমিক ৬ শতাংশ ভোট গণনা হয়েছিল।
পেশায় জনস্বাস্থ্য কর্মকর্তা এল সাঈদ এর আগে মিশিগানের ওয়েইন কাউন্টির জনস্বাস্থ্য বিভাগের পরিচালক ছিলেন। ২০১৮ সালে তিনি অঙ্গরাজ্যটির গভর্নর পদেও নির্বাচন করেছিলেন।
নির্বাচনী প্রচারে জীবনযাত্রার ব্যয় কমানো, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং রাজনীতিতে করপোরেট প্রভাব সীমিত করার প্রতিশ্রুতি দেন তিনি। এ ছাড়া গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে গণহত্যা উল্লেখ করে দেশটিকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা দেওয়ার বিরোধিতা করেন।
প্রচারের সময় তাঁর ধর্মীয় পরিচয় ও রাজনৈতিক অবস্থান নিয়ে বিতর্ক তৈরি হয়। রিপাবলিকান প্রার্থী মাইক রজার্স ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর বিরুদ্ধে মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুললেও এর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। এল সাঈদ এসব অভিযোগ অস্বীকার করেন।
যুক্তরাষ্ট্রের সিনেটে মোট ১০০টি আসন রয়েছে। এর আগে প্রতিনিধি পরিষদে মুসলিম সদস্য নির্বাচিত হলেও সিনেটে কোনো মুসলিম নির্বাচিত হননি। এল সাঈদের এই জয় দেশটির রাজনীতিতে নতুন ইতিহাস তৈরি করতে যাচ্ছে।
সূত্র: রয়টার্স