গ্রিসে আটককেন্দ্র থেকে পালানো ১০ বাংলাদেশির ৭ জন গ্রেপ্তার

গ্রিসের উত্তরাঞ্চলে আশ্রয়প্রার্থীদের জন্য নির্ধারিত একটি আটককেন্দ্র থেকে পালিয়ে যাওয়া ১০ বাংলাদেশির মধ্যে সাতজনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

সোমবার (২ নভেম্বর) গ্রিক পুলিশ এ তথ্য জানিয়েছে।

রোববার (১ নভেম্বর) বিকেলে দেশটির সেরেস অঞ্চলের সিনতিকি এলাকার ক্লেইদি গ্রামের কাছে অবস্থিত আটককেন্দ্রটি থেকে তাঁরা পালিয়ে যান। তাঁদের সবার বয়স ২১ থেকে ৩৭ বছরের মধ্যে। খবর পেয়ে পুলিশ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করে। বাকি তিনজন এখনো পলাতক রয়েছেন।

ঘটনার পর আটককেন্দ্রটির নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। সেরেস পুলিশ কর্মকর্তাদের অ্যাসোসিয়েশনের সভাপতি ইয়ানিস কুনিওস রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরটিকে বলেন, কেন্দ্রটির অবকাঠামোগত সীমাবদ্ধতা, দুর্বল নিরাপত্তাব্যবস্থা এবং পুলিশ সদস্যদের অনিরাপদ কর্মপরিবেশের বিষয়ে কর্তৃপক্ষকে বারবার জানানো হয়েছে। এসব সমস্যার সমাধান না হওয়ায় তিনি কেন্দ্রটি বন্ধের আহ্বান জানিয়েছেন।

Home R3