পবিত্র কোরআন মানবজাতির জন্য আল্লাহ তাআলার সর্বশেষ ও পূর্ণাঙ্গ হিদায়াতগ্রন্থ এবং জীবনবিধান। কোরআনের বিশুদ্ধ তিলাওয়াতের শিক্ষা, এর আদর্শের প্রচার এবং প্রজন্ম থেকে প্রজন্মান্তরে কোরআনের খেদমত অব্যাহত রাখা ঈমানি দায়িত্ব বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (৩ নভেম্বর) বঙ্গভবনে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
সাক্ষাৎকালে প্রতিনিধিদল পবিত্র কোরআনের শিক্ষা বিস্তার, বিশুদ্ধ তিলাওয়াতের চর্চা, যুগোপযোগী ক্বারী ও কোরআন বিশেষজ্ঞ তৈরি এবং আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা করেন।
এ সময় কোরআনকেন্দ্রিক শিক্ষা, গবেষণা, দাওয়াহ ও দ্বীনি খেদমতকে আরও সুসংহত ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
রাষ্ট্রপতি প্রতিনিধিদলের বক্তব্যের পাশাপাশি আন্তর্জাতিক ক্বারী সাইদুল ইসলাম আসাদের তিলাওয়াত মনোযোগ সহকারে শোনেন। তিনি আসন্ন সম্মেলনের সার্বিক সাফল্য কামনা করেন।
সাক্ষাৎকালে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে আগামী ১২ নভেম্বর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠেয় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়। রাষ্ট্রপতি আনন্দের সঙ্গে আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।