যুক্তরাজ্য সরকারের ‘ইরানবিরোধী পদক্ষেপের’ জবাবে দেশটির রয়্যাল নেভি ও রয়্যাল এয়ার ফোর্সকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে ইরান। একই সঙ্গে যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই৬-কে ‘শত্রুভাবাপন্ন’ সত্তা হিসেবে আখ্যা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর সিনহুয়ার।
রোববার (১ নভেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের গৃহীত প্রস্তাবের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘোষণার দিন থেকেই সিদ্ধান্তটি কার্যকর হয়েছে।
বিবৃতিতে ব্রিটিশ সরকারের ইরানবিরোধী নীতি ও কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বলা হয়, এসব পদক্ষেপ জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী। বিশেষ করে অন্য রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা এবং দেশগুলোর বিরুদ্ধে অবৈধ পদক্ষেপ গ্রহণে নিষেধাজ্ঞাসংক্রান্ত আইনি নীতির লঙ্ঘন বলে উল্লেখ করেছে তেহরান।
জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে যুক্তরাজ্যের বিরুদ্ধে অভিযোগ করে বলা হয়, দেশটি তাদের ভূখণ্ডে অবস্থিত সামরিক ঘাঁটি ব্যবহারের সুযোগ দিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছে। এ ছাড়া ইরান সরকারের দাবি, যুক্তরাজ্য ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরকে (আইআরজিসি) জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক আইন ও পারস্পরিক পদক্ষেপ গ্রহণের নীতির ভিত্তিতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর যাবতীয় পরিণতির জন্য যুক্তরাজ্য সরকারকে দায়ী থাকতে হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।