ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইতালি প্রবাসীর

মাদারীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানভীর হাওলাদার (২৫) নামে এক ইতালিপ্রবাসী মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানভীর মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামের খামারবাড়ি এলাকার দেলোয়ার হাওলাদারের ছেলে। তিনি ইতালিপ্রবাসী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মাত্র ১৫ দিন আগে বিয়ে করেছিলেন তানভীর। বুধবার রাতে মোটরসাইকেল নিয়ে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় একটি ট্রাকের সঙ্গে তাঁর সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Home R3