স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

স্পেনের মধ্যাঞ্চলীয় তোলেদো প্রদেশে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন বলে দেশটির কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে। তবে কর্তৃপক্ষের পক্ষ থেকে হতাহতের চূড়ান্ত সংখ্যা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। দুর্ঘটনার পর মাদ্রিদের সঙ্গে সিউদাদ রিয়াল ও আন্দালুসিয়ার রেল যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে তোলেদো প্রদেশের উর্দা স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। স্পেনের রেল অবকাঠামো পরিচালনাকারী সংস্থা এডিআইএফ জানিয়েছে, দুটি ট্রেনের মধ্যে পেছন থেকে সংঘর্ষের পর ওই রেলপথে চলাচল বন্ধ রাখা হয়েছে।

স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনায় রেনফে পরিচালিত একটি দ্রুতগতির ট্রেনের সঙ্গে বেসরকারি সংস্থা ইরিও পরিচালিত আরেকটি ট্রেনের সংঘর্ষ হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি ট্রেন থেমে থাকা অন্য ট্রেনটিকে পেছন থেকে ধাক্কা দিলে কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে ঢাল বেয়ে নিচে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের সহায়তা এবং উদ্ধারকাজ পরিচালনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি।

দুর্ঘটনার সময় দুটি ট্রেনে মোট ৫৪৪ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো। দুর্ঘটনাস্থলটি মাদ্রিদ থেকে সেভিয়া যাওয়ার রেলপথে মোরা, ওরগাজ ও উর্দা শহরের মধ্যবর্তী এলাকায় অবস্থিত।

প্রত্যক্ষদর্শীদের বরাতে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সংঘর্ষের পর কয়েকটি বগি কাত হয়ে পড়ে যায়। এতে বহু যাত্রী আহত হন। উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। প্রাথমিকভাবে রেল চলাচল নিয়ন্ত্রণ ও সংকেতব্যবস্থার ত্রুটির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Home R3