যুক্তরাজ্যে বাসে উচ্চ শব্দে গান বা ভিডিও চালানো, স্পিকারফোনে কথা বলা, ভেপিং ও ময়লা ফেলার মতো বিরক্তিকর আচরণ বন্ধে নতুন উদ্যোগ নিচ্ছে সরকার। নিয়ম অমান্য করলে সর্বোচ্চ ১০০ পাউন্ড জরিমানা হতে পারে।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ‘শেয়ার দ্য ক্যারেজ, নট দ্য নয়েজ’ স্লোগানে শুরু হতে যাওয়া প্রচারাভিযানে যাত্রীদের মোবাইলে গান বা ভিডিও দেখার সময় হেডফোন ব্যবহারের আহ্বান জানানো হবে।
নতুন নির্দেশনায় স্থানীয় পরিবহন কর্তৃপক্ষকে বাসে বিরক্তিকর আচরণ নিয়ন্ত্রণে বিদ্যমান ক্ষমতা প্রয়োগের পরামর্শ দেওয়া হবে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে পরিবহন নিরাপত্তা কর্মকর্তা বা পুলিশ ব্যবস্থা নিতে পারবেন। তবে বাসচালকদের সরাসরি এসব নিয়ম প্রয়োগ করতে হবে না।
এদিকে, ট্রেনে একই ধরনের আচরণের জন্য রেল পরিচালনাকারী সংস্থাগুলোর সর্বোচ্চ ১ হাজার পাউন্ড জরিমানা করার ক্ষমতা রয়েছে। সরকারের এ উদ্যোগের লক্ষ্য গণপরিবহনে যাত্রীদের জন্য স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করা।
সূত্র: দ্য গার্ডিয়ান