আন্তঃসীমান্ত অপরাধ দমনে কার্যকর পদক্ষেপের আহ্বান মালয়েশিয়ার

আন্তঃসীমান্ত অপরাধ দমনে শুধু চুক্তি ও অঙ্গীকার নয়, বরং কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে মালয়েশিয়া। সাইবার অপরাধ, অনলাইন প্রতারণা, অর্থ পাচার ও মানব পাচার মোকাবিলায় আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে দ্রুত তথ্য বিনিময়, যৌথ তদন্ত ও অভিযান জোরদারের ওপর গুরুত্ব দিয়েছে দেশটি।

২০ অক্টোবর ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আন্তঃসীমান্ত অপরাধবিষয়ক আসিয়ানের ২০তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে (এএমএমটিসি-২০) মালয়েশিয়ার জাতীয় বিবৃতিতে এসব কথা বলা হয়।

বৈঠকে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল বলেন, অপরাধী চক্রগুলো ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার করে তাদের কার্যক্রম বিস্তৃত করছে। এসব অপরাধ মোকাবিলায় আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা জরুরি।

মালয়েশিয়া অনলাইন প্রতারণার অর্থ দ্রুত শনাক্ত ও জব্দ করা, ডিজিটাল প্রমাণ সংরক্ষণ এবং অর্থ পাচার ও মানব পাচার প্রতিরোধে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সমন্বয় বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়েছে।

বিবৃতিতে বলা হয়, আসিয়ানের সাফল্য শুধু চুক্তি বা সমঝোতার সংখ্যায় নয়, বরং কতটি অপরাধী চক্রের কার্যক্রম বন্ধ করা গেছে, কতজন ভুক্তভোগীকে সুরক্ষা দেওয়া হয়েছে এবং কতজন অপরাধীকে বিচারের আওতায় আনা হয়েছে, তার ভিত্তিতে মূল্যায়ন করতে হবে।

Home R3