মালয়েশিয়ায় গত দেড় বছরে আটক ১ লাখ ৫৯ হাজার অবৈধ অভিবাসী

মালয়েশিয়ায় গত বছর থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত প্রায় ২০ মাসে ১ লাখ ৫৯ হাজার ২৩২ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। এ সময়ে ৫৩ হাজার ৩১৮টি অভিযান চালিয়ে ৬ লাখ ৫৯ হাজার ১৯১ জনকে তল্লাশি করা হয়েছে। পাশাপাশি অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৬ হাজার ৯৯ জন নিয়োগদাতার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) সংসদে লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বৈধ ভ্রমণ বা কাজের অনুমতিপত্র না থাকা এবং অনুমোদিত সময়ের বেশি অবস্থান করাসহ বিভিন্ন অভিযোগে তাঁদের আটক করা হয়েছে বলেও জানায় তারা।

এদিকে, কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) নথি জালিয়াতির ঘটনায় ছয়জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করে আদালতে অভিযুক্ত করা হয়েছে। শরণার্থীদের নিবন্ধন, পরিচয় ও নিরাপত্তা যাচাই এবং প্রকৃত শরণার্থী মর্যাদা নির্ধারণে নিজস্ব নিবন্ধন কর্মসূচি চালুর পরিকল্পনাও জানিয়েছে সরকার। এ কর্মসূচিতে ইউএনএইচসিআরের কার্ড থাকলেই স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধনের যোগ্যতা পাওয়া যাবে না।

Home R3