ফ্রান্সজুড়ে সাড়ে ৫ লাখ মানুষের বিক্ষোভ, পুড়ল ঐতিহাসিক টাউন হল

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, কম মজুরি ও সরকারি সেবার অবনতির প্রতিবাদে ফ্রান্স, বেলজিয়াম, ইতালি ও পর্তুগালে ব্যাপক বিক্ষোভ হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) এসব কর্মসূচির কয়েকটিতে সহিংসতা ছড়িয়ে পড়ে। ফ্রান্সে দোকানপাটে লুটপাট ও পুলিশের সঙ্গে সংঘর্ষের পাশাপাশি লিমোজ শহরের ১৪৩ বছরের পুরোনো টাউন হলে আগুন লাগে।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে, দেশজুড়ে বিক্ষোভে অংশ নেন প্রায় সাড়ে ৫ লাখ মানুষ। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সহিংসতার ঘটনায় ১ হাজার ২০০ জনকে আটক করা হয়েছে এবং অন্তত ১৫০ পুলিশ সদস্য আহত হয়েছেন। লিমোজের টাউন হলের ছাদ ধসে পড়েছে এবং ভবনটির প্রায় দুই-তৃতীয়াংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু সহিংসতার নিন্দা জানিয়েছেন। প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁও হামলা ও লুটপাটে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন।

এদিকে বেলজিয়ামের ব্রাসেলস ও লিয়েজে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। পর্তুগালের রাজধানী লিসবনে আবাসনসংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে হাজারো মানুষ মিছিল করেন। ইতালির মিলান ও বোলোনিয়াতেও বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

তথ্যসূত্র: এএফপি, টাইমস অব ইন্ডিয়া

Home R3