নেপালের উত্তর মধ্যাঞ্চলে বুধিগণ্ডী নদীতে আকস্মিক বন্যায় ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা ভেসে গেছে। বন্যার আশঙ্কায় নদীতীরবর্তী বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। রোববার (১১ অক্টোবর) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।
নেপালের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি দ্রুত গ্রামবাসীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। একই সঙ্গে রোববার গভীর রাত পর্যন্ত সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রাজধানী কাঠমান্ডুর কাছাকাছি বয়ে যাওয়া বুধিগণ্ডী নদী ত্রিশূলী নদীর সঙ্গে মিলিত হয়েছে। নদীতে হঠাৎ বন্যার কারণ অনুসন্ধান করছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, পাহাড়ি নদীর প্রবল স্রোতে একের পর এক ঘরবাড়ি ও বিভিন্ন অবকাঠামো ভেসে যাচ্ছে। এতে পাহাড়ি অঞ্চলের কয়েকটি ছোট গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
বিশেষ করে কাঠমান্ডুর সঙ্গে যোগাযোগের মহাসড়কের পাশে অবস্থিত আরুঘাট শহরের বাসিন্দারা সরকারি সতর্কবার্তা পেয়ে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার সুযোগ পান।
এর আগে গত আগস্টে নেপাল ও চীন সীমান্ত অঞ্চলে ভয়াবহ বন্যার ঘটনা ঘটে। ওই দুর্যোগে ব্যাপক প্রাণহানি ও বহু মানুষ নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। সেই বিপর্যয়ের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার আগেই নতুন বন্যার ঘটনায় দেশটির পাহাড়ি অঞ্চলের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।