ইমরান খানকে আদালতে হাজির করার নির্দেশ

ইসলামাবাদের জুডিশিয়াল কমপ্লেক্সে হামলার মামলায় কারাগারে থাকা পাকিস্তান তেহরিক ই ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৫ অক্টোবর) ইসলামাবাদে অনুষ্ঠিত এক শুনানিতে এ আদেশ দেন বিচারক তাহির আব্বাস সিপ্রা। আগামী শুনানিতে ইমরান খানকে সরাসরি আদালতে হাজির করতে হবে অথবা ভিডিও লিংকের মাধ্যমে যুক্ত করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

২০২৩ সালে একটি মামলায় জামিন নিতে ইমরান খান ইসলামাবাদের জুডিশিয়াল কমপ্লেক্সে গেলে সেখানে তার সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ব্যাপক বিশৃঙ্খলা হয়। এ সময় সমর্থকেরা নিরাপত্তা গেট ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ভাঙচুর চালায় বলে অভিযোগ রয়েছে।

ওই ঘটনার পর পুলিশ সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করে। ২০২৩ সালের আগস্ট থেকে বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন পিটিআইয়ের এই নেতা।

সোমবারের শুনানিতে মামলায় হাজির না হওয়ায় ফারুক হাবিব, হাম্মাদ আজহার, মুরাদ সাঈদ ও শিবলি ফারাজকে পলাতক ঘোষণা করা হয়। একই সঙ্গে তাদের সম্পত্তির বিবরণ জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া পাঞ্জাব বিধানসভার সাবেক স্পিকার ওয়াসিক কাইয়ুম আব্বাসী ও পিটিআই নেতা হাসান নিয়াজির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মামলার পরবর্তী শুনানি আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।

সূত্র: জিও নিউজ

Home R3