প্রবাসীর কোটি টাকা অর্থায়নে কষ্ট দূর হলো ৫ গ্রামের মানুষের

দীর্ঘদিনের অবহেলিত রাস্তাগুলো ছিল জনসাধারণের চলাচলের অযোগ্য। বড় বড় গর্ত আর ভাঙা কাঁচা রাস্তাগুলো একটু বৃষ্টিতেই পরিণত হতো মরণফাঁদে। প্রতিনিয়ত ঘটত দুর্ঘটনা। সৃষ্টি হতো জনদুর্ভোগ।

জনগণের এ জনদুর্ভোগ দেখে স্থানীয় এক প্রবাসী তার নিজ অর্থায়নেই রাস্তাগুলো মেরামতের উদ্যোগ গ্রহণ করেন এবং একটি ইউনিয়নের ৩টি ওয়ার্ডের ৫টি গ্রামের চলাচলের অনুপযোগী সব রাস্তাগুলো যান চলাচলের উপযোগী করে তুলেছেন।

মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নের দক্ষিণ সারারিয়া গ্রামের দক্ষিণ আফ্রিকা প্রবাসী ব্যবসায়ী শেখ পলাশ। যিনি তার নিজ অর্থায়নে প্রায় কোটি টাকা ব্যয় করে ভাঙা রাস্তা মেরামত করে স্থানীয় জনগণের প্রশংসায় ভাসছেন।

ইউনিয়নের জামশা বাজার থেকে দক্ষিণ সারারিয়া, নলবিল, মাটিকাটা, পারুল্লা, দাঁড়িপাড়া সহ কয়েকটি গ্রামের প্রায় পাঁচ কিলোমিটার রাস্তায় ইট, খোয়া, বালু দিয়ে মেরামত করেছেন এবং নিচু রাস্তাগুলো উঁচু ও রাস্তার ভাঙন রোধে দুই পাশে খুঁটি ও দেয়াল নির্মাণ করেছেন। শুধু নিজের এলাকা বা ইউনিয়ন ছাড়াও পার্শ্ববর্তী মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নেরও বেশ কিছু ভাঙা রাস্তা মেরামত করেছেন এই প্রবাসী।

স্থানীয়রা জানান, আগে ছাত্র-ছাত্রীদের যাতায়াত, রোগী নিয়ে হাসপাতালে যাওয়া এবং হাট-বাজারে যাওয়ার জন্য কয়েক কিলোমিটার পায়ে হেঁটে যেতে হতো। কোনো যানবাহন চলাচল করত না। এখন এসব রাস্তায় যান চলাচল করে। আমাদের কষ্ট দূর হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য জুলহাস মিয়া জানান, শেখ পলাশের উদ্যোগ প্রশংসনীয়। বিশ বছরের অবহেলিত রাস্তাগুলো তার অবদানে আজ নতুন রূপ পেয়েছে। আরও বেশ কিছু স্থানে কাজ চলমান আছে।

প্রবাসী শেখ পলাশ জানান, জনগণের সেবা করাটাই আমার উদ্দেশ্য। আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছেন, যতদিন বাঁচব, জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। মানুষ আমাকে ভালোবাসা দিচ্ছে, সেটাই আমার বড় পাওয়া।

Home R3