মক্কা প্রতিরক্ষা জোট নিয়ে নিউইয়র্কে সৌদি-পাকিস্তানের বৈঠক

মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে বৈঠক করেছে সৌদি আরব ও পাকিস্তান। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে সোমবার (২১ সেপ্টেম্বর) এ বৈঠক অনুষ্ঠিত হয়।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার নিউইয়র্কে বৈঠকে মিলিত হন। বৈঠকে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তারা।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, চুক্তির আওতায় দুই দেশের সহযোগিতা আরও বাড়ানোর পাশাপাশি আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদারে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন দুই পররাষ্ট্রমন্ত্রী।

সৌদি আরব ও পাকিস্তান গত বছর একটি দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি সই করেছিল। এরপর গত মাসে তুরস্ককে যুক্ত করে তিন দেশের মধ্যে ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষরিত হয়।

বৈঠকে সৌদি আরবের প্রতি পাকিস্তানের দৃঢ় সংহতি প্রকাশ করেন ইসহাক দার। একই সঙ্গে সৌদি আরবকে লক্ষ্য করে সাম্প্রতিক হামলার নিন্দা জানান তিনি।

ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের সংঘাত শুরুর পর মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতাভুক্ত সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে এটিই প্রথম বৈঠক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আগস্টের শেষ সপ্তাহে দুই পক্ষের মধ্যে সংঘাত শুরু হয় এবং ৮ সেপ্টেম্বর থেকে তা আরও তীব্র হয়েছে।

তবে সোমবারের বৈঠকে চুক্তির তৃতীয় অংশীদার তুরস্কের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।

সূত্র: আনাদোলু এজেন্সি

Home R3