জ্বালানি তেলের দাম এক লাফে লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়ে জনগণকে চরম কষ্টের মুখে ঠেলে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টায় নারায়ণগঞ্জের গাউছিয়া রয়েল মুন রেস্টুরেন্টে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখা আয়োজিত সুধী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চরমোনাই পীর বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির নেতিবাচক প্রভাব জনজীবনের প্রতিটি ক্ষেত্রে পড়বে। এর ফলে পরিবহন খরচ ও দ্রব্যমূল্য বাড়বে এবং সাধারণ মানুষ আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে। অভাব-অনটনের মধ্যে থাকা জনসাধারণকে এভাবে নতুন সংকটে ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, বর্তমানে তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকট মহামারি আকার ধারণ করেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ আজ নাজেহাল। চলমান দুর্নীতি ও দুঃশাসনই এই অস্থিরতার অন্যতম প্রধান কারণ। রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামী অনুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা না গেলে এই জনদুর্ভোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, “দেশে বৈশ্বিক সংকট রয়েছে, এ কথা সত্য। কিন্তু সরকারের মূল কাজ হলো সেই সংকট মোকাবিলা করা। সরকার যদি সংকট মোকাবিলার পরিবর্তে তা সরাসরি জনগণের ওপর চাপিয়ে দেয়, তবে এ ধরনের সরকারের প্রয়োজন কী?”
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি আলহাজ্ব আব্দুর রশীদের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মুফতি শিব্বির আহমদের সঞ্চালনায় সুধী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম এবং নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা দ্বীন ইসলাম।